২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের টানা দ্বিতীয় হার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। টান-টান উত্তেজনার ম্যাচে তাদের দুই উইকেটে হারিয়ে দিয়েছে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 07:59 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

পাঁচ খেলায় ছয় পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাঙ্ক। বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাত্র ৬৭ রানে অলআউট হয়ে ২৩৯ রানে হেরে যাওয়া মোহামেডানেরও ছয় পয়েন্ট। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় ঐতিহ্যবাহী দলটির অবস্থান সপ্তম।

শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৭৩ রান করে মোহামেডান।

সর্বোচ্চ ৩০ রান ৯ নম্বর ব্যাটসম্যান মুক্তার আলীর। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানের ব্যাট থেকে।

মিডিয়াম পেসে ২৪ রানে ৩ উইকেট নেন জিয়াউর রহমান।

জবাব দিতে নেমে ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে গেলেও ষষ্ঠ উইকেটে রেজাউল করিম (৪১) ও তাইবুর পারভেজের (৩৮) ৭১ রানের জুটির ওপরে ভর করে ১৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাঙ্ক।

মোহামেডানের পক্ষে ২৪ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকলায়েন সজীব।