মুলারের জোড়া গোলে বায়ার্নের জয়
টমাস মুলারের জোড়া গোলের সুবাদে সহজেই জার্মান কাপের শেষ ষোলোতে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। হানোভারকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
বুন্দেসলিগার পর জার্মান ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই জার্মান কাপ বা ডিএফবি- পোকাল কাপ, যাতে রেকর্ড ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন।
বুধবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ১৭ মিনিটে দলকে প্রথম এগিয়ে নেন মুলার। পাঁচ মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন পেরুর স্ট্রাইকার ক্লাওদিও পিসাররো।
৩৭ মিনিটে আইভরি কোস্টের দিদিয়ের ইয়া কোনানের গোলে হানোভার লড়াইয়ের আভাস দিলেও ৬৪ মিনিটে মুলারের দ্বিতীয় গোলে বায়ার্নের জয় নিশ্চিত হয়ে যায়।
৭৮ মিনিটে বায়ার্নের পক্ষে শেষ গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড ফ্র্যাঙ্ক রিবেরি।
গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া লিগ বুন্দেসলিগার পাশাপাশি এই টুর্নামেন্ট জিতে জার্মান ফুটবলের প্রথম দল হিসেবে ‘ট্রেবল’ জিতেছিল বায়ার্ন।
বুধবার তৃতীয় রাউন্ডে বায়ার্নের সঙ্গে উঠেছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, শালকে ও ফ্রেইবুর্গ।
আগের দিন জার্মান কাপের তৃতীয় রাউন্ডে উঠেছে বরুসিয়া ডর্টমুন্ড ও বেয়ার লেভারকুসেন।
