২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী গোলে জিতলো জুভেন্টাস

সেরি আতে টানা দ্বিতীয় জয় পেয়েছে জুভেন্টাস। বুধবার ইতালির সর্বোচ্চ এই লিগে শিয়েভোর বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে টানা দুইবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 10:23 AM

Updated : 23 Aug 2022, 06:58 PM

শিয়েভোর মাঠে ২৮ মিনিটে ফরাসি স্ট্রাইকার সিরিল থেরিওয়ের গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। সমতায় ফেরার বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইতালির সবচেয়ে সফল ক্লাবটি।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই স্ট্রাইকার ফ্যাবিও কুয়াইয়েরেল্লা গোল করে খেলায় ফেরায় অতিথিদের। আর ৬৫ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার আলেস্সান্দ্রো বেরনার্দিনির আত্মঘাতী গোল মূল্যবান তিনটি পয়েন্ট উপহার দেয় জুভেন্টাসকে। 

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান ধরে রেখেছে জুভেন্টাস।