জাতীয় দাবার শীর্ষে সাগর
জাতীয় দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে এককভাবে শীর্ষে আছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর।
বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিডিয়া সেন্টারে হাফিজুল ইসলাম চপলকে হারিয়ে দেয়া সাগরের পয়েন্ট সাড়ে চার।
চার পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন দুই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও আবদুল্লাহ আল-রাকিব। বুধবার জিয়া রাকিবের সঙ্গে ড্র করেছেন।
ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবকে এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ শফিক আহমেদকে হারিয়েছেন। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে একসঙ্গে তৃতীয় স্থানে আছেন পরাগ ও নিয়াজ।
বৃহস্পতিবার মুখোমুখি হবেন দেশের প্রথম ও দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নিয়াজ ও জিয়া।
