অবশেষে লা লিগায় নেইমারের গোল
স্পেনের লা লিগায় বার্সেলোনার জয়যাত্রায় বড় ভূমিকা রেখে চললেও গোলের দেখা পাচ্ছিলেন না নেইমার। শেষ পর্যন্ত ষষ্ঠ ম্যাচে এসে প্রথম গোল পেলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। নেইমার ও লিওনেল মেসির যুগলবন্দিতে ‘ক্ষুরধার’ বার্সা ৪-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
বার্সা, রিয়াল ও আতলেতিকোর সঙ্গে এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা সোসিয়েদাদ গত ২০ বছরের বেশি সময় ধরে ক্যাম্প নউতে লা লিগার কোনো ম্যাচ জিততে পারেনি। শেষবার তার জিতেছিল সেই ১৯৯১ সালে, ৩-১ গোলে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো অতিথিরা, যদি হ্যারিস সেফারোভিচের শট ক্রসবারে না লাগতো।
পঞ্চম মিনিটে অ্যালেক্সিস সানচেসের ক্রস থেকে সোসিয়েদাদ ডিফেন্ডারদের ভুলে বল পান নেইমার। আর তা গোলে ঠেলে দিয়ে লা লিগার প্রথম গোলের দেখা পেয়ে যান ব্রাজিল তারকা।
প্রথমবারের মতো বার্সেলোনার হয়ে একই ম্যাচে গোল পেল মেসি-নেইমার জুটি।
এবার লা লিগায় এটি মেসির সপ্তম গোল। আর এই প্রথমবারের মতো বার্সেলোনার হয়ে একই ম্যাচে গোল পেল মেসি-নেইমার জুটি।
২৩ মিনিটে স্যার্হিও বুসকেতসের গোলে ব্যবধান হয়ে যায় ৩-০।
প্রথমার্ধের শেষের দিকে আবারও মেসিকে সহজ সুযোগ করে দিয়েছিলেন নেইমার। তবে তা থেকে গোল পাননি আর্জেন্টিনার তারকা।
৬৪ মিনিটে আলবের্তো দে লা বেলা এক গোল শোধ করলেও তাতে তেমন লাভ হয়নি সোসিয়েদাদের।
বার্সার শেষ গোলটি করেন ডিফেন্ডার মার্ক বারত্রা
ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারকে বাম দিকে অনেকটা উইঙ্গার হিসেবেই খেলাচ্ছেন কোচ জেরার্দো মার্তিনো। তাই গোল করার চেয়ে গোল করানোতেই বেশি ভূমিকা রাখতে দেখা যাচ্ছে নেইমারকে। গোল পেয়ে স্বভাবতই আনন্দিত তিনি।
ম্যাচ শেষে ২১ বছর বয়স্ক নেইমার সাংবাদিকদের বলেন, "লা লিগায় প্রথম গোল পেয়ে আমি খুব খুশি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জয় পাওয়াটা।"
নিজের গোলটি সম্পর্কে নেইমার বলেন, "এটা হয়তো কোনো দৃষ্টিনন্দন গোল নয়, কিন্তু আসল কথা হলো এটা জালে ঢুকেছে!"
আতলেতিকো মাদ্রিদের টানা ষষ্ঠ জয়
বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে টানা ষষ্ঠ ম্যাচ জিতেছে আতলেতিকো মাদ্রিদও। ব্রাজিল স্ট্রাইকার দিয়েগো কস্তার দুই গোলে ঘরের মাঠে ওসাসুনাকে ২-১ গোল হারিয়েছে তারা।
সাত গোল করে মেসির সঙ্গে যুগ্মভাবে শীর্ষ গোলদাতা এখন কস্তা।
আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওন ২০১১ সালের শেষের দিকে দায়িত্ব নেয়ার পর দলকে পাল্টে দিয়েছেন। ছয় ম্যাচে বার্সেলোনার সমান ১৮ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে তার দল।
মঙ্গলবার লা লিগার অন্যান্য ম্যাচে মালাগা ২-০ গোলে আলমেরিয়াকে হারিয়েছে। লেভান্তে ১-১ গোলে ড্র করেছে রিয়াল ভায়াদলিদের সঙ্গে।
