২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্ত হতে যাচ্ছেন বিওএ মহাপরিচালক

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক কর্নেল (অব.) এম. ওয়ালিউল্লাহকে পদচ্যুত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বিওএর নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 08:17 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

বিওএ’র সহ-সভাপতি মিজানুর রহমান মানু জানিয়েছেন, “ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা কুক্ষিগত করে রাখা ও আচরণগত সমস্যার কারণে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অচিরেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।” “তার বিরুদ্ধে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও আছে। তাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।” বিওএ’র সভাপতি জেনারেল ইকবাল করিম ভুঁইয়াকে উদ্ধৃত করে মিজানুর রহমান আরো বলেন, “কারো জন্য কিছু থেমে থাকবে না। আশা করি শূন্যতা পূরণে উপযুক্ত ব্যক্তি আসবেন।” ওয়ালিউল্লাহর লন্ডন সফর প্রসঙ্গে বিওএ সহ-সভাপতি বলেন, “গত বছর অলিম্পিকের আগে শূটারদের প্রস্তুতি ও সার্বিক দেখভালের কথা বলে ১২ বার লন্ডন যাতায়াত করেন তিনি। তার বিরুদ্ধে স্বজনপ্রীতিরও অভিযোগ আছে।” “স্ত্রীকে দিল্লি কমনওয়েলথ গেমস ও গুয়াংজু এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সঙ্গে নিয়ে যান তিনি। এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে অলিম্পিকের বৃত্তি নিয়ে ছেলেকেও বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন।” মাসিক দেড় লাখ টাকা বেতনে ২০০৫ সালে বিওএতে নিয়োগপ্রাপ্ত হন ওয়ালিউল্লাহ। নিয়োগ প্রাপ্তির পর থেকে গত আট বছরে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। মঙ্গলবারের সভা শেষে বাংলাদেশ গেমসে রেকর্ডগড়া ১৮ জন ক্রীড়াবিদকে এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হয়। সম্মাননা দেয়া হয় বাংলাদেশ গেমসের পৃষ্ঠপোষকদেরও।