২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ব্রাজিল বিশ্বকাপ নিয়ে প্রশ্ন

কাতারে ২০২২ সালের বিশ্বকাপের সূচি গ্রীষ্মকালের বদলে শীতকালে সরিয়ে নেয়া নিয়ে কম আলোচনা হচ্ছে না। এরই মধ্যে বিশ্বের ফুটবলারদের সংগঠন এফআইএফপ্রো কাতারের বদলে আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপের দিকে নজর দিতে ফিফাকে আহ্বান জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 12:49 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

সোমবার এফআইএফপ্রোর মহাসচিব থিও ফন সেগেলেন রয়টার্সকে এক সাক্ষাতকারে বলেন, "আমি অবাক হয়ে যাচ্ছি যে, গণমাধ্যমগুলো নয় বছর পরের কাতার বিশ্বকাপ নিয়ে এখন মেতে আছে। ২০১৪ সালের বিশ্বকাপ নিয়ে তাদের মাথাব্যথা নেই বলে মনে হচ্ছে।"

ব্রাজিলের স্থানীয় সময় দুপুর একটায় বিশ্বকাপের কিছু ম্যাচ রাখায় উদ্বেগ প্রকাশ করেছে ফুটবলারদের সংগঠনটি। কয়েক মাস আগে কনফেডারশেন্স কাপের সময় গরমের কারণে খেলোয়াড়দের অসুবিধা হয়েছে বলে তারা দাবি করে। বিশেষ করে ফরতালেজায় ইতালি ও স্পেনের সেমিফাইনালটি অতিরিক্ত সময়ে গড়ানোর পর ফুটবলারদের ভুগতে হয়েছে বলে সংগঠনটি উল্লেখ করে।

সেগেলেন বলেন, "আমি ইতালি ও স্পেনের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি ম্যাচের পর। তারা বলেছে গরমের কারণে অতিরিক্তি সময়ে খেলাটা অসম্ভব হয়ে পড়ে।"

"আমাদের বুঝতে হবে যে এতে শুধু খেলার মানই কমে যায় না, সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে", যোগ করেন তিনি।

বিশাল দেশ ব্রাজিলের বিভিন্ন ভেন্যুতে খেলার জন্য যাতায়াতটাকেও সমস্যা হিসেবে দেখছেন এফআইএফপ্রোর মহাসচিব।

"কিছু কিছু ক্ষেত্রে আপনার চার ঘণ্টার ফ্লাইটে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে হবে। একটা শক্ত ম্যাচ খেলার পর অনেক ক্ষেত্রে এ ধরণের যাতায়াতটা সমস্যা হয়ে দেখা দেবে।"

তিনি জানান, ব্রাজিলের বিশ্বকাপ নিয়ে বিস্তারিত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ সমস্যাগুলো নিয়ে তারা ফিফার সঙ্গে বসবেন।

ফিফার সঙ্গে এখন এফআইএফপ্রোর ভালো সম্পর্ক থাকলেও, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি যদি ২০১৪ সালের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করে, তবে তারা ভবিষ্যতে কঠোর অবস্থান নেবেন বলে হুশিয়ারি দেন সেগেলেন।

"দুর্ভাগ্যজনকভাবে আমাদের তখন কঠোর খেলা খেলতে হবে। আমরা তা চাই না, কিন্তু তখন আমাদের আর কোনো উপায় থাকবে না।"

পুরনো খবর:

ফিফার সভায় উঠছে কাতার বিশ্বকাপ