নারায়ণগঞ্জে নদীর বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে আহত ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ভাটিবন্দ এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
গ্রামবাসীর দাবি, ড্রেজারের ধাক্কায় তাদের একটি ট্রলার ডুবে যায়। এতে সোহাগ, ইয়াসিন, সাগর ও কাজল নামে চারজন নিখোঁজ রয়েছে।
তবে গ্রামবাসীর চারজন নিখোঁজ হওয়ার দাবির ব্যাপারে জানা নেই বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান।
তিনি বলেন, “বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার দু’পক্ষকে নিয়ে বিকেলে বসেন।”
উপজেলা ডাক বাংলোয় এ বৈঠকে দুপক্ষের মধ্যে আপস মীমাংসা হয়েছে। তবে পুনরায় বালু উত্তোলন না করা নির্দেশ করার নির্দেশ দেন সাংসদ।
এর আগে গ্রামবাসীকে উদ্ধৃত করে ওসি আতিকুর জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটিবন্দ এলাকায় মেঘনা নদীতে একটি ড্রেজার ও কয়েকটি বালুর বাল্কহেড নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে আসে একদল সন্ত্রাসী।
গ্রামের লোকজনের বাধা উপেক্ষা করে বালু উত্তোলন করতে থাকে তারা।
দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের কয়েশ’ নারী-পুরুষ দুটি ট্রলারে করে বালু সন্ত্রাসীদের ধাওয়া দেয়।
এ সময় বালু সন্ত্রাসীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে গ্রামের লোকজনের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে।
এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্প্রতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসনের গঠিত কমিটির উপদেষ্টা কবি শাহেদ কায়েসকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পুলিশ অভিযান চালিয়ে ৪ ঘণ্টার পর তাকে উদ্ধার করে। এই ঘটনায় বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলাও হয়।
