‘অঘটনঘটনপটিয়সী’ বালোতেল্লি ৩ ম্যাচ নিষিদ্ধ
মাঠে অথবা মাঠের বাইরে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়াটা মারিও বালোতেল্লির জন্য নতুন কিছু নয়। রোববার রাতে নাপোলি-এসি মিলান ম্যাচে এমন অনেক ঘটনার জন্ম দিয়ে আবারও আলোচনায় আসেন ‘অঘটনঘটনপটিয়সী’ এই স্ট্রাইকার। ওই ম্যাচে রেফারিকে হুমকি দেয়ায় তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
২-১ গোলে ম্যাচ হারার পর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখা রগচটা এই স্ট্রাইকারের উপর খেপেছেন কোচ পেল্লেগ্রিনিও।
ইতালির ফুটবল কর্তৃপক্ষ তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করায় আগামী অক্টোবরে জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ২৩ বছর বয়স্ক বালোতেল্লি।
এ শাস্তি দেয়ার কারণ হিসেবে বিচারক জানান, প্রতিপক্ষের সঙ্গে খারাপ আচরণ করা, ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তে প্রতিবাদ জানানো এবং রেফারিকে অপমানসূচক ও ভয়ভীতি দেখানো বক্তব্যের জন্য তার উপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
রোববার নানা ঘটনার জন্ম দিয়েছেন বালোতেল্লি। নাপোলির বিপক্ষে দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে হলুদ কার্ড প্রাপ্তি দিয়ে শুরু। চার মিনিট বাদে পেনাল্টি পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি বালোতেল্লি, যা তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ঘটলো।
ব্যর্থতার উল্টো পিঠে এরপর তার ‘সুপারমারিও’ হয়ে ওঠা শুরু। পাঁচ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের সীমানায় দু’দুবার দুর্দান্ত আক্রমণ চালান তিনি। প্রথমে ক্রসবারের বাধা আর দ্বিতীয়বার নাপোলির গোলরক্ষক পেপ রেইনা বিমুখ করে বালোতেল্লিকে।
তাই বলে বালোতেল্লি তো হার মানার পাত্র নন। ক্যারিয়ারের প্রথমবারের মতো পেনাল্টি মিসের হতাশা দুর করতে ইনজুরি সময়ে করলেন অসাধারণ একটি গোল। ফরাসি স্ট্রাইকার এমবায়ে নিয়াংয়ের বাড়ানো বলে পোলপোস্টের ২০ গজ দুর থেকে দর্শনীয় বাঁকানো যে শটটি নিলেন, তা সামনে বাধা হয়ে দাঁড়ানোর কোনো সুযোগই ছিল না রেইনার।
শেষ বাঁশি বাজতে তখনও মিনিট তিনেক বাকি, তবে শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজয়ই সঙ্গী হয়েছে স্বাগতিক এসি মিলানের। এতেই হয়তো খেলা শেষে মেজাজ হারিয়ে ফেললেন বালোতেল্লি। রেফারির সঙ্গে তর্ক করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হলেন, তাও আবার শেষ বাঁশি বাজার পর।
মাঠে বালোতেল্লির কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন নেই এসি মিলানের কোচ মাস্সিমিলিয়ানো আলেগ্রির। কিন্তু খেলা শেষে অযথা তর্কের কারণে বহিষ্কারাদেশ পাওয়ায় এই স্ট্রাইকারের প্রতি বেজায় বিরক্ত তিনি।
“খেলা যখন শেষ তখন রেফারির সঙ্গে তর্ক করার চেয়ে চুপ করে মাঠ ত্যাগ করায় শ্রেয়। কারণ তা করলে ম্যাচে ফল তো বদলে যাবে না। বালোতেল্লির উচিত তার আচরণের উন্নতি করা।”
সেরি-আয় গত নভেম্বরের পর ঘরের মাঠে এটাই মিলানের প্রথম হার। আর ঘরের মাঠে নাপোলির বিপক্ষে ১৯৮৬ সালের পর প্রথম হারের তেতো স্বাদ পেলো জনপ্রিয় দলটি। পয়েন্ট তালিকায়ও মিলান নেমে গেছে ১৩ নম্বরে।
