আয়াক্সকে হারিয়ে শীর্ষে পিএসভি
টানা তিনবারের চ্যাম্পিয়ন আয়াক্স আমস্টারডামকে উড়িয়ে দিয়ে নেদারল্যান্ডস ফুটবল লিগেরশীর্ষে উঠে এসেছে পিএসভি আইন্দহোভেন।
রোববার রাতে দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের গোল বন্যায় সর্বোচ্চ ৩২ বারের চ্যাম্পিয়ন আয়াক্সকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ের ফলে লিগের প্রথম সাত ম্যাচ শেষে অপরাজেয় থাকার কৃতিত্বটাও ধরে রাখলো পিএসভি।
চার জয় ও তিন ড্রয়ে সবার উপরে থাকা পিএসভির পয়েন্ট ১৫। আর ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে ইউরোপের এক সময়ের সমীহ জাগানো দল আয়াক্স।
পিএসভির মাঠ ফিলিপস স্টেডিয়ামে স্বাগতিকদের পক্ষে ৫৩ মিনিটে প্রথম গোল করেন টিম মাতাভেজ। এরপর ১৫ মিনিটের মধ্যে একে একে গোল করেন জেত্রো উইলেম্স, অস্কার হিলজেমার্ক ও জি সুং-পার্ক।
