২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোম ‘ডার্বি’তে রোমার জয়

এ মৌসুমের প্রথম রোম ‘ডার্বি’তে জয় পেয়েছে রোমা। রোববার ইতালিয়ান সেরি-আয় লাৎসিওকে ২-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 10:03 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

ইন্টার মিলান জিতেছে বিশাল ব্যবধানে। নবাগত সাসসুয়োলোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। গত দুই বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস ২–১ গোলে আরেক নবাগত হেল্লাস ভেরোনাকে হারিয়েছে।

চার ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে রোমা এখন ইতালিতে সবার ওপরে। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার। ইন্টারের সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় জুভেন্টাস তৃতীয় ও ফিওরেন্তিনা চতুর্থ স্থানে আছে।

ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোয় ৬৩ মিনিটে অধিনায়ক ফ্রান্সেসকো টট্টির পাস থেকে রোমাকে এগিয়ে দেন ডিফেন্ডার ফেদেরিকো বালজারেত্তি।

ইনজুরি সময়ে পেনাল্টি থেকে রোমার জয় নিশ্চিত করা গোলটি সার্বিয়ার ফরোয়ার্ড আদেম লিয়াজিচের। তার আগেই ৮২ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার আন্দ্রে দিয়াস সরাসরি লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত করেন লাৎসিওকে। ঘরের মাঠে ৩৬ মিনিটে হেল্লাসের ডিফেন্ডার ফাব্রিজিও কাচ্চাতুরের গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। তবে চার মিনিট পরেই ইতালিয়ান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান আর্জেন্টিনার ফরোয়ার্ড কার্লোস তেভেজ। বিরতির ঠিক আগে জুভেন্টাসকে এগিয়ে দেন স্পেনের ফরোয়ার্ড ফার্নান্দো লরেন্ত। শেষ পর্যন্ত সেটাই স্বাগতিকদের জয়সূচক গোল হয়ে দাঁড়ায়। প্রতিপক্ষের মাঠে ইন্টারের বিশাল জয়ে আর্জেন্টাইনদের সবচেয়ে বড় অবদান। সাত মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা দিয়েগো মিলিতো দুই গোল করেন। একটি করে গোল অন্য তিন আর্জেন্টাইন রদ্রিগো প্যালাসিও, রিকি আলভারেজ ও এস্তেবান ক্যামবিয়াসোর। বাকি দুই গোলের একটি ফরাসি মিডফিল্ডার সাফির তাইদারের, অন্যটি আত্মঘাতী। সেরি-আর অন্য তিন ম্যাচে ফিওরেন্তিনা ২-০ গোলে আতালান্তাকে ও তোরিনো ২-১ গোলে বোলোনিয়াকে হারিয়েছে এবং পার্মা-কাতানিয়া গোলশূন্য ড্র করেছে।