বার্সায় যেতে চান ব্রাজিল গোলরক্ষক আলভেস
বার্সেলোনায় যোগ দেয়ার ইচ্ছের কথা জানিয়েছেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেস।
বার্সার সঙ্গে দীর্ঘ প্রায় ১২ বছরের সম্পর্ক চুকিয়ে আগামী মৌসুমের শেষে দল ছাড়বেন ভালদেস। বার্সার পক্ষ থেকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয়া হলেও গত মে মাসে তা নাকচ করে দেন স্পেনের এই খেলোয়াড়।
আর তাই ভালদেসের উত্তরসূরী খুজছে কাতালানিয়া দলটি। তবে ব্রাজিল জাতীয় দলের আলভেসকে নেয়অর কোনো ঘোষণা বা প্রস্তাব এখনও অবশ্য দেয়নি বার্সা।
২৮ বছর বয়সী আলভেসও তাই বলেছেন। সঙ্গে জানিয়েছেন নিজের ইচ্ছার কথাও- “বার্সার হয়ে কে না খেলতে চায়।”
ব্রাজিলের ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন পালকারকে তিনি আরো বলেন, “এখন পর্যন্ত এটা (বার্সেলোনায় যোগ দেয়াটা) আমার নাগালে আসেনি। তবে ওখানে আমার যাওয়া নিয়ে সবসময়ই একটা গুঞ্জন ছিল, কিন্তু তার কোনো কিছুই চূড়ান্ত নয়।”
“ভ্যালেন্সিয়ার হয়ে আমি খেলে যাব, তাছাড়া দলটির সঙ্গে আমার ২০১৫ সাল পর্যন্ত চুক্তি আছে। যাহোক, ভালদেসের (বার্সা থেকে) চলে যাওয়ার ব্যাপারে আমি দু:খিত। তাদের (বার্সা) জন্য এটা অনেক বড় ক্ষতি। আমার মতে বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের মধ্যে সে অন্যতম।”
