বিদেশি কোচের সন্ধানে আবাহনী
গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তৃতীয় হওয়া ঢাকা আবাহনী লিমিটেড শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে একজন ভালো বিদেশি কোচ নিয়ে আসার চেষ্টা করছে।
পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়ন আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু জানিয়েছেন, “দুজন ইংলিশ কোচের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। সম্ভাব্য কোচের তালিকায় একজন ডাচ এবং একজন অস্ট্রেলিয়ান কোচও আছেন। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আশা করি অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে একজন বিদেশি কোচ নিয়োগ দিতে পারবো।”
বিদেশি কোচ নিয়ে সিদ্ধান্ত না হলেও একজন বিদেশি ফুটবলারকে এরই মধ্যে দলে টেনেছে আবাহনী। তিনি হলেন গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলা ঘানার স্ট্রাইকার ওসই মরিসন। গতবার ১১ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।
এ মাসের শেষ দিকে নাইজেরিয়া ও মরক্কো থেকে আরো ছয় জন ফুটবলার আনতে যাচ্ছে আবাহনী। এদের মধ্যে দুই জনের মাসিক বেতন হতে পারে ৭ হাজার ডলারেরও বেশি।
গত মৌসুমে খেলা বিদেশিদের মধ্যে ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফ, মিডফিল্ডার ইয়কো সামনিক ও আউডু ইব্রাহিমকে এবারো নিয়ে আসার চিন্তা-ভাবনা করছে আবাহনী।
সোমবার এ সব বিষয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসবে আবাহনীর ফুটবল কমিটি। রুপু জানিয়েছেন, “আমরা যত দ্রুত সম্ভব বিদেশি কোচ নিয়োগ এবং বিদেশি ফুটবলার নিয়ে আসতে চাই। তাহলে আমাদের প্রস্তুতি ভালো হবে। বরাবরের মতো এবারো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গড়বে আবাহনী।”
