ইউরো আয়োজনে আগ্রহী ৩২ দেশ
২০২০ সালের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে ৩২টি দেশ।
গত বৃহস্পতিবার ছিল ইউরো ফুটবলের আয়োজক হওয়ার প্রাথমিক প্রস্তাব দেয়ার শেষ দিন। পরে শুক্রবার উয়েফার নির্বাহী কমিটি জানান, ৩২টি দেশ এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
আয়োজক দেশ হতে এবার এত বেশি দেশের আগ্রহ প্রকাশের কারণও আছে। ইউরোপের ১৩টি শহর জুড়ে ২০২০ সালের ইউরো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। এর মধ্যে ১২টি দেশের ১২টি শহর তিনটি করে গ্রুপ ম্যাচ এবং দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার-ফাইনালের একটি নক-আউট ম্যাচ আয়োজনের সুযোগ পাবে। অন্য দেশটি দু'টি সেমি-ফাইনাল ও ফাইনাল আয়োজন করবে।
উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি বলেন, "আয়োজক হওয়ার জন্য এত আগ্রহ দেখে আমরা গর্বিত বোধ করছি। আমাদের সদস্য দেশগুলোর অর্ধেকের বেশি উয়েফা ইউরো ২০২০ এর ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে।"
এখন আগ্রহ প্রকাশ করা ৩২টি দেশকে তাদের প্রস্তাব উপস্থাপন করতে বলা হয়েছে। চূড়ান্ত প্রস্তাব জমা দিতে হবে ২০১৪ সালের ২৫ এপ্রিলের মধ্যে।
আগামী বছরের ২৫ সেপ্টেম্বর উয়েফার নির্বাহী কমিটি আয়োজক শহরগুলো নির্ধারণ করবে।
