সাফ ফুটবলের দলে ‘স্বজনপ্রীতি’র অভিযোগ
নেপালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল গড়ার সময় ‘স্বজনপ্রীতি’র অভিযোগ করেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী।
শুক্রবার তদন্ত কমিটির সামনে বক্তব্য রাখা শেখ রাসেলের কোচ মারুফুল হক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কোচ সাইফুল বারী টিটু অবশ্য বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য ফিটনেস সমস্যাকে দায়ী করেন।
না ডাকলেও স্বেচ্ছায় তদন্ত কমিটির সামনে হাজির হওয়া নুরুল আলম চৌধুরী বলেন, “সঠিক পরিকল্পনার অভাবে দল ব্যর্থ হয়েছে। অনুশীলনের সময় বেশি চাপ দেয়ায় অনেকেই চোটে পড়েছে। ব্যর্থতার এটাও অন্যতম কারণ।”
‘স্বজনপ্রীতি’ প্রসঙ্গে তিনি বলেন, “ডিফেন্ডার মামুন মিয়া ও রেজাউল করিমকে দলে নেয়া হয়নি। গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য এবং স্ট্রাইকার মিঠুন চৌধুরীকে দলে নিয়েও না খেলানো ছিল কোচের ভুল সিদ্ধান্ত।”
“কোচ হয়তো কারো দ্বারা প্রভাবিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন। মামুন ও রেজাউলকে নেয়া হলে দলের শক্তি বৃদ্ধি পেতো। তারা দুজনই দেশের অন্যতম সেরা ডিফেন্ডার।”
মারুফুল বলেন, “আমি সব ম্যাচ দেখতে পারিনি। তবে অনেকের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, একসঙ্গে বেশ কয়েক জন চোটে পড়ায় দলের শক্তি খর্ব হয়েছে। তাই বাংলাদেশ ভালো খেলতে পারেনি।”
“জাতীয় দলের এই খেলোয়াড়দের আমি কাছ থেকে দেখেছি। ফিটনেস ঠিক থাকলে তাদের মাঠে দাঁড়িয়ে থাকার কথা না। ফিটনেস সমস্যার কারণেই দল ভালো খেলতে পারেনি।”
মারুফুলের কথার প্রতিধ্বনি তুলে টিটু বলেন, “আমি সবগুলো ম্যাচ দেখেছি। আমার মনে হয়েছে ফিটনেস সমস্যার কারণেই দল ভালো খেলতে পারেনি।”
“তবে ফিটনেস সমস্যা কেন হয়েছে তা বলতে পারবো না। কোচই এ সম্পর্কে ভালো বলতে পারবেন।”
