২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপা লিগে ভ্যালেন্সিয়া বিধ্বস্ত

ইউরোপা লিগের উদ্বোধনী দিনেই বড় ব্যবধানে হেরে গেছে ভ্যালেন্সিয়া। ওয়েলসের দল সোয়ানসি সিটির কাছে ঘরের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে স্প্যানিশ লা লিগার অন্যতম শক্তিশালী দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 05:22 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

তবে প্রত্যাশিত জয় পেয়েছে দুই স্বাগতিক ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার ও ইতালির লাৎসিও। টটেনহ্যাম ৩-০ গোলে নরওয়ের ত্রুমসা আইএলকে এবং লাৎসিও ১-০ গোলে পোল্যান্ডের লেগিয়া ভারসাভাকে হারিয়েছে।

ভ্যালেন্সিয়ার মাঠ এস্তাদিও দি মেস্তালায় গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে নবম হওয়া সোয়ানসির তিন গোলদাতা আইভরি কোস্টের স্ট্রাইকার উইলফ্রিড বোনি, স্পেনের মিডফিল্ডার মিগেল পেরেস কুয়েস্তা ও নেদারল্যান্ডসের মিডফিল্ডার জোনাথন ডি গুজমান।

দশম মিনিটেই ফরাসি ডিফেন্ডার আদিল রামির লাল কার্ডের ধাক্কা আর সামলে উঠতে পারেনি ভ্যালেন্সিয়া। তিনটি গোলই হয়েছে এর পরে।

হোয়াইট হার্ট লেনে টটেনহ্যামের পক্ষে জোড়া গোল করেছেন ইংল্যান্ডের স্ট্রাইকার জারমেইন ডিফো। অন্য গোলটি ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের।

রোমের স্তাদিও অলিম্পিকোয় লাৎসির জয়সূচক গোলদাতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন হার্নানেস।