মেসির কাছে দলীয় সাফল্যই বড়
বয়স মাত্র ২৬ হলেও এখনই তার অধিকারে অনেক ঈর্ষণীয় অর্জন। লিওনেল মেসির সামনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে যাওয়ারও হাতছানি। তবে আদ্যন্ত ‘টিমম্যান’ আর্জেন্টাইন তারকার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ।
গত বুধবার নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টার্ডামের বিপক্ষে হ্যাটট্রিক করে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে (৬২) উঠে এসেছেন মেসি। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউলের গোল ৭১টি।
রাউলকে পেছনে ফেলা প্রসঙ্গে উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে মেসি বলেন, “চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের গোলদাতার তালিকায় সবার ওপরে থাকা রাউলকে ছাড়িয়ে যাওয়া দারুণ এক চ্যালেঞ্জ।”
“যদিও এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। বরং আমাদের দলের আরো অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে। উদাহরণ হিসেবে বলা যায়, এই প্রতিযোগিতায় যত দূর সম্ভব যাওয়া, আবার শিরোপা জয়ের চেষ্টা করা।”
টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, “হ্যাটট্রিক করায় আমার গোলসংখ্যা যে এখন ৬২, তাতে আমি অবশ্যই আনন্দিত। তবে তার চেয়েও বড় কথা হলো খেলার ফলাফল এবং আমাদের দল কেমন খেলেছে সেটা।”
“এই মৌসুমে (রেকর্ড গড়ার জন্য) আরো গোল করতে পারবো কি পারবো না তা বরং কম গুরুত্বপূর্ণ।”
