ফিটনেস কোচের দিকে অভিযোগের তীর
নেপালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য ফিটনেস কোচ মোহাম্মদ জামালিকে দায়ী করেছেন দুই ডিফেন্ডার ওয়ালী ফয়সাল ও আতিকুর রহমান মিশু।
বৃহস্পতিবার সাফ ফুটবলে ব্যর্থতার কারণ খুঁজে বের করার দায়িত্ব পাওয়া তদন্ত কমিটির সামনে বক্তব্য রাখার সময় জামালি সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেন এই দুজন। অধিনায়ক মামুনুল ইসলাম এবং স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি অবশ্য সাফ ফুটবলের ব্যর্থতা ভুলে সামনের দিকে তাকাতে আগ্রহী।
সাফ ফুটবলে প্রথম দুই ম্যাচে খেলা ওয়ালী বলেন, “যে খেলোয়াড় আশি ভাগ চাপ নেয়ার ক্ষমতা রাখে ফিটনেস কোচ তাকে শতভাগ চাপ নিতে বাধ্য করেছেন। এর ফলে খেলোয়াড়রা ভীষণ পরিশ্রান্ত হয়ে পড়েছে। আর তার প্রভাব পড়েছে ম্যাচে।”
“দুইবেলা অনুশীলনের মাঝে আমরা বিশ্রামের জন্য খুব কম সময় পেয়েছি। তাই খেলোয়াড়রা চোটে আক্রান্তও হয়েছে বেশি। তাছাড়া টানা দুই মাস তিনি একই রকম ফিটনেস ট্রেনিং করিয়েছেন। যা খুব বেশি ফলপ্রসু হয়নি।”
ডাচ ফিটনেস কোচের মান নিয়ে প্রশ্ন তুলে এই অভিজ্ঞ ডিফেন্ডার আরো বলেন, “জানি না তার যোগ্যতা কী। তবে এটা বলতে পারি, তার প্রশিক্ষণে খেলোয়াড়রা অনেক পরিশ্রান্ত হয়ে পড়েছিল। যার প্রভাব পড়েছে মাঠে।”
নেপালে তিনটি ম্যাচই খেলা মিশুও জামালির ওপরে ক্ষুব্ধ। তিনি বলেন, “সাফ ফুটবলে আমাদের খেলোয়াড়রা অনেক ক্লান্ত ছিল। অনুশীলনের পর যথেষ্ট বিশ্রাম না পাওয়ায় এই সমস্যা হয়েছে। ফিটনেস কোচ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।”
“ফিটনেস কোচের কাজ হলো কে ফিট, কে ফিট না তা তদারক করা। আর সে সম্পর্কে প্রধান কোচের কাছে প্রতিবেদন দেয়া। আমার মনে হয় তিনি এই কাজ করতে ব্যর্থ হয়েছেন। নইলে চোট নিয়ে এত জন দলে সুযোগ পায় কী করে?”
মিশু আরো বলেন, “অবশ্য আমাদের মনঃসংযোগেও ঘাটতি ছিল। যার কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রথমে গোল করেও জিততে পারিনি।”
তিনি বলেন, “এখন কাদা ছোড়াছুড়ি না করে আমাদের উচিৎ পরবর্তী সাফ নিয়ে ভাবা। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিলেই হয়তো ভালো ফল পাওয়া যাবে।”
চোটের কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামা মামুনুল বলেন, “ডাক্তার মনে করেছিলেন আমার চোট দ্রুত সেরে যাবে। কিন্তু দুর্ভাগ্য, চোট সম্পূর্ণ সারেনি। ইনজেকশন নিয়ে আমাকে মাঠে নামতে হয়েছে।”
“আমার বিরুদ্ধে অভিযোগ, আমি ইচ্ছে করে চোটের কথা বলছি। তবে চোটের কারণে আমাদের দলের শক্তি অনেকখানি খর্ব হয়েছে। যার প্রভাব পড়েছে মাঠে।”
সাফ ফুটবলে তিনটি ম্যাচেই খেলা এমিলি বলেন, “এই ব্যর্থতা শুধু খেলোয়াড়দের নয়, সবাইকেই এর দায় নিতে হবে। আমি তো বলবো কোচ-কর্মকর্তা-খেলোয়াড় সবাই ব্যর্থ।”
“কোচ খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ আদায় করতে পারেননি। তাই সাফ ফুটবলে আমরা সাফল্য পাইনি।”
