২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারের দায় স্বীকার মরিনিয়োর

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বাসেলের কাছে ২-১ গোলে হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন চেলসির কোচ জোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

চেলসির এটি টানা দ্বিতীয় হার। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফিরেছিল তারা।

ঐ ম্যাচে হেরে যাওয়ার পর মরিনিয়ো হতাশ কণ্ঠে জানিয়েছিলেন, আগের বার চেলসির কোচ হিসেবে তিনি যতটা শক্তিশালী দল পেয়েছিলেন বর্তমান দলটা তেমন শক্তিশালী নয়।

বুধবারের ব্যর্থতার জন্য অবশ্য দলকে নয়, নিজেকেই দায়ী করছেন মরিনিয়ো। খেলা শেষে এই পর্তুগিজ কোচ বলেন, “হেরে গেলে আমি দলের খেলোয়াড় বা কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলি না। নিজের দায়িত্ব সম্পর্কেই কথা বলি। (এই হারের জন্য) আমিই দায়ী।”

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ২৯ ম্যাচ অপরাজিত থাকার পর এটাই চেলসির প্রথম হার।

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই হার ছাড়াও মরিনিয়োকে দুশ্চিন্তায় ফেলতে পারে আরেকটি বিষয়। চেলসির তিন ফরোয়ার্ড সেনেগালের ডেম্বা বা, স্পেনের ফার্নান্দো তরেস ও নবাগত ক্যামেরুনের স্যামুয়েল ইতোর সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক।

সর্বশেষ ছয় ম্যাচে চেলসি সাত গোল করলেও তার মধ্যে মাত্র একটি গোল এই তিন জনের একজনের। মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোলটি করেছিলেন তরেস। তবে এ নিয়ে একদমই চিন্তিত নন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ মরিনিয়ো। তিনি বলেন, “মৌসুমের বাকি সময়ে এই তিন স্ট্রাইকারকে নিয়েই আমি খুশি।” সাম্প্রতিক ব্যর্থতা ভুলে শিগগিরি ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আশাবাদী আগের মেয়াদে চেলসিকে দুটো লিগ শিরোপা এনে দেয়া মরিনিয়ো। তিনি বলেন, “আমাদের দলের খেলোয়াড়রা ভালো এবং পেশাদার। প্রতি দিন এবং প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করে তারা। সাফল্য আমাদের ধরা দেবেই।”