২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশায় মরিনিয়োর চেলসি, শালকের জয়

চেলসিতে প্রত্যাবর্তনের পর চ্যাম্পিয়ন্স লিগে জোসে মরিনিয়োর দ্বিতীয় অধ্যায়ের শুরুটা কাটলো হতাশায়। ঘরের মাঠে প্রথমার্ধে এগিয়ে থেকেও সুইজারল্যান্ডের দল বাসেলের কাছে ২-১ গোলে শেষ পর্যন্ত হেরে গেছে তার শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 09:24 AM

Updated : 13 Oct 2022, 02:58 PM

‘ই’ গ্রুপের অপর ম্যাচে জার্মানির শালকে০৪ ৩-০ গোলে হারিয়েছে রোমানিয়ার স্টুয়া বুকুরেশ্টকে।

চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলটি করেন ব্রাজিল মিডফিল্ডার অস্কার। ব্রাজিলের ডিফেন্ডার দাভিদ লুইসের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের মাঝ দিয়ে বল বাড়ান ইংল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। আর তা থেকে নিচু শটে বল জালে জড়ান ২২ বছর বয়সী অস্কার।

এগিয়ে যাওয়ার আনন্দ নিয়েই বিরতিতে যায় ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি । দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের চেষ্টা চালালেও প্রথম দশ মিনিটে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি মরিনিয়োর দল। একাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ একটা পেয়েছিলেন বটে অস্কার্, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার।

৭১ মিনিটে স্ট্যামফোর্ড ব্রিজকে থমকে দিয়ে সমতাসূচক গোল করেন মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। স্ট্রাইকার মার্কো স্ট্রেলারের পাস থেকে বাঁ পায়ের কোণাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।  

ম্যাচের  ৮১ মিনিটে অতিথিদের পক্ষে জয়সূচক গোলটি করেন প্রথম গোলের যোগানদাতা অধিনায়ক স্ট্রেলার। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে কর্নার আদায় করে নেয় বাসেল। আর তা থেকেই তার দারুণ হেড চেলসির গোলরক্ষক পেতর চেক রুখতে পারেননি। অন্যদিকে, রোমানিয়ার স্টুয়া বুকুরেশ্টের বিপক্ষে স্বাগতিক শালকের গোল তিনটি করেন জাপানের ডিফেন্ডার আতসুতো উচিদা, ঘানার মিডফিল্ডার কেভিন প্রিন্স বোয়াটেং ও জার্মানির মিডফিল্ডার জুলিয়ান ড্রক্সলার। তিনটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে।