২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ব্যর্থতা: তদন্ত কমিটির কাজ শুরু

নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতার তদন্তের জন্য গঠিত কমিটি কাজ শুরু করেছে। বুধবার প্রথম দিনে চার জনের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির কর্মকর্তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 08:22 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বাংলাদেশ দলের দলনেতা শেখ মোহাম্মদ মারুফ হাসান, স্থানীয় কোচ সৈয়দ গোলাম জিলানী, ফিটনেস কোচ মোহাম্মদ জামালী ও গোলরক্ষক কোচ কিস কাল্কের সঙ্গে কথা বলেন বাদল রায়ের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা।

প্রথম দিনের বৈঠক শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায় বলেন, “বাংলাদেশ দলের ব্যর্থতায় আর দশ জনের মতো আমরাও হতাশ। এতো সুযোগ-সুবিধা দেয়ার পরও সাফ ফুটবলে বাংলাদেশ কেন ভালো করতে পারেনি তা খুঁজে বের করা আমাদের দায়িত্ব।”

“সাফ ফুটবল আমাদের জন্য মর্যাদার টুর্নামেন্ট। ভবিষ্যতে যেন এমন না হয়, তা তদন্ত করে খুঁজে বের করা প্রয়োজন।”

একজন ফিটনেস কোচ থাকার পরও নেপালে বাংলাদেশকে কেন চোট-সমস্যায় ভুগতে হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে বাদল রায় বলেন, “আমরা ফিটনেস কোচের সঙ্গে কথা বলে চোট-সমস্যার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। বেশ কয়েক জনের খেলা দেখে মনে হয়েছে তারা শতভাগ ফিট নয়। খেলোয়াড়রা চোট লুকিয়েছিল, নাকি কোচের সীমাবদ্ধতার কারণে এমন গুরুতর সমস্যায় পড়তে হয়েছিল তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।”

“আমরা চার জনের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বাকি তথ্য পাওয়া যাবে। তখনই বোঝা যাবে চোটের পেছনের কারণ কী।”

তদন্ত কমিটির সদস্য শামসুল হক চৌধুরী খেলোয়াড়দের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, “সামনে লিগ শুরু হবে, দলবদলও চলছে। তাই চোটে পড়ার ভয়ে খেলোয়াড়রা নিজেদের শতভাগ ঢেলে দেয়নি কিনা তা আমাদের খুঁজে বের করতে হবে। এ ব্যাপারে খেলোয়াড়দের সঙ্গে আমরা কথা বলবো।”

বৃহস্পতিবার বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম, স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি, ডিফেন্ডার ওয়ালী ফয়সাল ও আতিকুর রহমান মিশুর সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি।