দুর্ভাগ্য পিছু ছাড়ছে না ক্যাসিয়াসের
দুর্ভাগ্য পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। বছরের শুরুতে চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থেকে ফিরেও দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম একাদশে সুযোগ পেলেও আবারো সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাঠের বাইরে ছিটকে পড়লেন স্পেনের এই এক নম্বর গোলরক্ষক।
গত বছরও তিনি ছিলেন রিয়াল মাদ্রিদের প্রথম পছন্দের গোলরক্ষক, ছিলেন অধিনায়কও। আর এখন কিনা জায়গা ফিরে পেতেই লড়তে হচ্ছে তাকে। তাও আবারও জাতীয় দল সতীর্থ দিয়েগো লোপেজের সঙ্গে। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কের অবশ্য এখনও প্রথম পছন্দ ক্যাসিয়াসই।
চ্যাম্পিয়ন্স লিগে তুরস্কের দল গ্যালাতাসারাইয়ের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে রিয়ালের হয়ে শুরুর একাদশে ছিলেন ৩২ বছর বয়সী ক্যাসিয়াস। লক্ষ্য ভালো খেলে আবারো পুরনো স্থান ফিরে পাওয়া। কিন্তু একাদশ মিনিটে সতীর্থ ডিফেন্ডার স্যার্হিও রামোসের সঙ্গে সংঘর্ষে পাঁজরে আঘাত পান তিনি। শুরুতে চোট খুব একটা গুরুতর মনে না হলেও খানিক বাদে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন ক্যাসিয়াস।
বছরের শুরুতে রিয়ালের ম্যাচেই আরেক সতীর্থ আলভারো আরবেলোয়ার কিক দুর্ঘটনাবশত ক্যাসিয়াসের হাতে লাগলে তার হাত ভেঙ্গে যায়। তারপর থেকেই দু:সময়ের মধ্যে দিন কাটছে ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১০ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্যাসিয়াসের।
ক্যাসিয়াসের আবারো মাঠের বাইরে চলে যাওয়া প্রসঙ্গে মঙ্গলবারের হ্যাট-ট্রিক করা ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, “এটা ইকারের (ক্যাসিয়াস) দুর্ভাগ্য, ফুটবলে এমনটা হয়েই থাকে।”
কোচ কার্লো আনচেলত্তি সাংবাদিকদের জানান, ক্যাসিয়াস তিন-চার দিনের মধ্যে সেরে উঠবেন বলে তিনি আশা করছেন। তবে স্পেনের গণমাধ্যমগুলো বলছে দুই সপ্তাহ খেলতে পারবেন না এই গোলরক্ষক।
