২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজি, বেনফিকার শুভসূচনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপে জয় পেয়েছে পারি সাঁ জার্মা (পিএসজি) ও বেনফিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 11:06 AM

Updated : 13 Oct 2022, 02:58 PM

ফ্রান্সের ক্লাব পিএসজি ৪-১ গোলে হারিয়েছে গ্রিসের অলিম্পিয়াকসকে। বেলজিয়ামের আন্ডারলেখটের বিপক্ষে পর্তুগালের বেনফিকার জয় ২-০ গোলে।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে ম্যাচের শুরুতে ও ১৫ মিনিটে দুবার বারে লেগে নষ্ট হয় গ্রিক চ্যাম্পিয়নদের দুটি প্রচেষ্টা। ১২ মিনিটে বার ঘেঁষে চলে যায় ভ্লাদিমির ভাইসের মাটি কামড়ানো শট।

খেলার ধারার বিপরীতেই ১৯ মিনিটে ম্যাক্সওয়েলের ডিফেন্স চেরা পাস থেকে পিএসজিকে এগিয়ে নেন এদিনসন কাভানি। চার মিনিট পর ভাইসের গোলে খেলায় সমতা ফেরায় অলিম্পিয়াকস।

দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে ফ্রান্সের দলটি। দ্বিতীয়ার্ধের বদলি আর্জেন্টাইন মিডফিল্ডার ইজিকুয়েল লাভেজ্জির উপস্থিতি মাঝমাঠে দলকে আধিপত্যে এনে দেয়। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর ৬৮ ও ৭৩ মিনিটে লাভেজ্জির দুটি কর্নার থেকে দুটি গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন থিয়াগো মোত্তা।

৮১ মিনিটে দলের সবচেয়ে বড় তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও মিনিট চারের পর ব্রাজিলের সেন্টার ব্যাক মারকুইনহসের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্সের দলটি।

বেনফিকা-আন্ডারলেখট

ম্যাচের চতুর্থ মিনিটেই জুরিচিচের গোলে এগিয়ে যায় পতুর্গালের দল বেনফিকা। ৩০ মিনিটের মাথায় স্কোর লাইন ২-০ করে ফেলেন লুইসাও। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে স্বাগতিকরা।

বেলজিয়ামের চ্যাম্পিয়ন আন্ডারলেখট খেলায় পরিস্কার সুযোগ তৈরি করতে পেরেছিল একটিই। অতিরিক্ত সময়ে প্রায়টসের কর্নার থেকে সুয়ারেসের হেড ঠেকিয়ে স্বাগতিকদের রক্ষা করেন বেনফিকা গোলরক্ষক আর্তুর।