২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসকে রুখে দিল কোপেনহ্যাগেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হলো না জুভেন্টাসের। ‘বি’ গ্রুপের ম্যাচে ডেনমার্কের দল কোপেনহ্যাগেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফিরেছে ইতালিয়ান সেরি আর সবচেয়ে সফল দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 10:12 AM

Updated : 13 Oct 2022, 02:58 PM

পুরনো খবর:

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের দারুণ সূচনা

ডেনমার্কের পার্কেন স্টেডিয়ামে ১৪ মিনিটে স্বাগতিক স্ট্রাইকার নিকোলাই ইয়ুর্গেনসেনের গোলে পিছিয়ে পড়েছিল জুভেন্টাস।

গোল হজম করার পর মরিয়া হয়ে ওঠা জুভেন্টাস প্রতিপক্ষের সীমানায় একের পর এক আক্রমণ চালালেও কোপেনহ্যাগেনের গোলরক্ষক ইউহান উইল্যান্ড যেন হয়ে ওঠেন ‘চীনের প্রাচীর’।

অবশেষে কাঙ্খিত গোলের দেখা মেলে দ্বিতীয়ার্ধের নবম মিনিটে। ফেদেরিকো পেলুসোর নিচু ক্রস থেকে গোলটি করেন স্ট্রাইকার ফাবিও কোয়াইয়েরেল্লা।

৬৪ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুযোগও পেয়েছিলেন কোয়াইয়েরেল্লা। কিন্তু উইল্যান্ড বাধা এড়ালেও ক্রসবারের বাধা এড়াতে পারেননি।

৭৬ ও ৭৯ মিনিটে যথাক্রমে আর্তুরো ভিদাল ও কার্লোস তেভেজের সুবাদে আরো দুটি সুযোগ পায় অতিথিরা কিন্তু দুবারই বাধার নাম ঐ উইল্যান্ড।

ইনজুরি সময়ে সর্বশেষ এবং সহজতর একটি সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার তেভেজ। কিন্তু এবার তার শটই লক্ষ্যভ্রষ্ট হয়।

'বি' গ্রুপের অন্য খেলায় দুর্দান্ত সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। তুরস্কের দল গ্যালাতাসারাইকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে তারা।