২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিনের সমালোচনায় কোচেস অ্যাসোসিয়েশন

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পর কয়েক জন কোচ গণমাধ্যমে বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের সমালোচনা করেছিলেন। প্রত্যুত্তরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, স্থানীয় কোচদের বিদেশি কোচের সমালোচনা করার কোনো অধিকার নেই। তার এই মন্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এবং জাতীয় দলের সাবেক কোচ হাসানুজ্জামান খান বাবলু বলেন, “আমাদের সংগঠনের কোনো সদস্যই জাতীয় দলের কোচের সরাসরি সমালোচনা করেননি। আমরা বিশ্বাস করি, একজন কোচের আরেক জন কোচের সমালোচনা করা অনুচিৎ। বরং জাতীয় দলের কোচই স্থানীয় কোচদের সমালোচনা করেছেন।”

“কাজী সালাউদ্দিন নিজে একসময় কোচ ছিলেন। ক্লাব এবং জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তার কাছ থেকে এমন মন্তব্য আমাদের ব্যথিত করেছে। এতে আমাদের পরিবারও মর্মাহত।”

বাফুফে সভাপতি আরো বলেছিলেন, স্থানীয় কোচদের তেমন যোগ্যতা নেই। থাকলে আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব বিদেশি কোচ আনতো না।

এ প্রসঙ্গে কোচেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপ বলেন, “স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ফুটবলকে জনপ্রিয় করে তুলতে দেশের বেশ কয়েক জন কোচের ভূমিকা অনস্বীকার্য। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাহেব আলী, আলী ইমাম, আব্দুর রহিম, গফুর বালুচ, ওয়াজেদ গাজী ও অমলেশ সেন। তাদের অবদান অবশ্যই স্মরণীয়।”

“তাদের উত্তরসূরী হিসেবে অনেক কোচ দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে দলকে সাফল্য এনে দিয়েছেন। বাফুফে সভাপতির এমন মন্তব্যে স্থানীয় কোচরা পারিবারিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।”

জাতীয় দলের আরেক সাবেক কোচ আবু ইউসুফ জবাব দিয়েছেন অন্যভাবে। তিনি বলেন, “সাফ ফুটবলে বাংলাদেশ দলের ব্যর্থতার পর বাফুফে এবং বিদেশি কোচের সমালোচনা হওয়া উচিৎ ছিল। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। বাফুফে সভাপতি নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছেন।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আবাহনীর কোচ অমলেশ সেন, শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হক, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ শফিকুল ইসলাম মানিক, শেখ জামালের গোলরক্ষক কোচ পনিরুজ্জামান পনির ও ফরাশগঞ্জের কোচ কামাল বাবু।