বায়ার্ন-বরুসিয়ার সহজ জয়
জার্মান বুন্দেসলিগায় সহজ জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ড।
হ্যানোভারকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গোলশূন্য প্রথমার্ধের পর ৫১ ও ৬৪ মিনিটে বায়ার্নের পক্ষে গোল দুটি করেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ ও ফরাসি মিডফিল্ডার ফ্র্যাঙ্ক রিবেরি।
লিগে বায়ার্নের এটি পঞ্চম ম্যাচে চতুর্থ জয়। আগের ম্যাচে ফ্রেইবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে তিনটি শিরোপা জয়ী বায়ার্ন।
বরুসিয়া জিতেছে বিশাল ব্যবধানে। ঘরের মাঠে হামবুর্গকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
দুটি করে গোল করেছেন দুই স্ট্রাইকার পিয়েরে-এমরিক উবামইয়োঙ্গে ও রবার্ত লেভানদোভস্কি
টানা পঞ্চম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে বরুসিয়া লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। ১৩ পয়েন্ট নিয়ে বায়ার্ন দ্বিতীয় এবং ১২ পয়েন্ট নিয়ে বেয়ার লেভারকুসেনের অবস্থান তৃতীয়।
বুন্দেসলিগায় শনিবারের অন্যান্য ম্যাচে শালকে ১-০ গোলে মেইঞ্জকে, আইনট্রাশট ফ্র্যাঙ্কফুর্ট ৩-০ গোলে ভার্ডার ব্রেমেনকে, অগসবুর্গ ২-১ গোলে ফ্রেইবুর্গকে এবং লেভারকুসেন ৩-১ গোলে ভলফ্সবুর্গকে হারিয়েছে।
