আপিল করতে পারে কেপ ভার্দে
নিয়ম ভাঙ্গার অপরাধে ফুটবল বিশ্বকাপের আফ্রিকার অঞ্চলের বাছাইপর্বে প্লে-অফ খেলার সুযোগ হারানো কেপ ভার্দে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে আপিল করবে।
গত সপ্তাহে বাছাইপর্বে তিউনিশিয়াকে ২-০ গোলে হারিয়ে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছিল কেপ ভার্দে। ঐ ম্যাচে নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড় নামানোয় কেপ ভার্দেকে ‘ডিসকোয়ালিফাই’ করে তিউনিশিয়াকে ৩-০ গোলের জয় দেয় ফিফা। ফলে ঐ গ্রুপ থেকে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা করে নেয় তিউনিসিয়া। আর ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যায় কেপ ভার্দে।
বিবিসি স্পোর্ট জানায়, ফিফার কাছে তিন দিনের মধ্যে আবেদন করার ইঙ্গিত দিয়েছে দেশটির ফুটবল সংস্থা।
ফিফার অভিযোগ, তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় থাকা ফার্নান্দো ভারেলাকে খেলিয়েছে তারা। তবে কেপ ভার্দের যুক্তি, গত ২৪ মার্চ ইকুয়াটোরিয়াল গিনির বিপক্ষে ঐ ম্যাচে ভারোলা লাল কার্ড পেলেও তা পরবর্তীতে ম্যাচটি বাতিল হয়ে যায। কারণ ঐ খেলায় গিনির দলে একজন নিষিদ্ধ খেলোয়াড় ছিল।
অবশ্য ভার্দের এই যুক্তি মনে হয় না ধোপে টিকবে। কারণ ফিফা ডিসিপ্লিনারি কোড ১৮.৪ অনুযায়ী, কোনো ম্যাচে কেউ নিষিদ্ধ হলে এবং পরবর্তীতে ঐ ম্যাচটি বাতিল হয়ে গেলেও ঐ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বাছাই পর্বের গ্রুপ পর্ব পেরুনো দশটি দেশ থেকে প্লে-অফের মাধ্যমে (হোম ও অ্যাওয়ের ভিত্তিতে)৫টি দেশ যাবে ব্রাজিল বিশ্বকাপে। কায়রোতে আগামী ১৬ সেপ্টেম্বর প্লে-অফের ড্র হবে।
