ওজিল সম্পর্কে প্রকাশিত তথ্য অস্বীকার রিয়ালের
সম্প্রতি এক প্রতিবেদনে স্প্যানিশ দৈনিক ‘এবিসি’ জানায়, রিয়াল মাদ্রিদে থাকার সময় মেসুত ওজিলের ‘উশৃঙ্খল’ জীবনযাপন নিয়ে বিরূপ মন্তব্য করেছেন দলটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে এই তথ্য ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে রিয়াল কর্তৃপক্ষ।
ঐ প্রতিবেদনে বলা হয়, রিয়ালের সভাপতি পেরেজ জানিয়েছেন, “ওজিল মোটেই পেশাদার নন। বরং মাদ্রিদে থাকার সময় নারী এবং রাতের উদ্দাম জীবনের প্রতি আচ্ছন্ন ছিলেন তিনি।”
পেরেজের এই মন্তব্যে ক্ষুব্ধ ওজিলের বাবা মুস্তফা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন।
তবে জার্মান পত্রিকা ‘বিল্ড’কে রিয়াল জানিয়েছে, ‘এবিসি’তে প্রকাশিত পেরেজের সাক্ষাৎকারটি পুরোপুরি ভুয়া। ভুল তথ্য প্রচার করার জন্য স্প্যানিশ পত্রিকাটিকে ক্ষমা চাইতে বাধ্যও করেছে স্পেনের সফলতম ক্লাবটি।
