আবারও বেঞ্চে 'সবচেয়ে দামি' বেল
দলবদলে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে গেলে কী হবে, নিজের দেশের হয়েই খেলতে পারছেন না গ্যারেথ বেল। বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে ওয়েলসের আগামী ম্যাচের শুরুর একাদশেও থাকছেন না তিনি।
ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের গ্রুপ 'এ' এর খেলায় মঙ্গলবার রাতে সার্বিয়ার মুখোমুখি হবে এরই মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠার লড়াই থেকে ছিটকে পড়া ওয়েলস।
'ফিটনেস' না থাকায় মেসিডোনিয়ার বিপক্ষে শুক্রবারের ম্যাচেও সুযোগ পাননি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। সাইড লাইনে বসে তাকে ২-১ গোলে দলের হার দেখতে হয়েছে।
ক্লাব ফুটবলের দলবদলের ইতিহাসের সর্বোচ্চ ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার থেকে স্পেনের রিয়াল মাদ্রিদে এসেছেন বেল। ছয় বছরের চুক্তিতে ২০১৯ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলবেন ওয়েলসের এই ফরোয়ার্ড। এরপর জাতীয় দলের হয়ে খেলতে ডাক পড়ে তার।
তবে গত জুলাই থেকে খেলার মধ্যে নেই বলে কোচ ক্রিস কোলম্যান আর মাঠে নামাননি এ সময়ের আলোচিত এই তারকাকে।
মঙ্গলবারের ম্যাচেও বেলের খেলার কোনো সম্ভাবনা দেখছেন না কোলম্যান। সোমবার স্কাই স্পোর্টসকে তিনি বলেন, "কোনো ম্যাচ না খেলা বেল মঙ্গলবার শুরুর একাদশে থাকছেন না।"
এমনকি ম্যাচে খুব একটা প্রয়োজন না পড়লে বেলকে পুরো সময়টা বেঞ্চে বসেই কাটাতে হতে পারে বলে কোচ জানান।
