বেলের জন্য এত অর্থ ঢালতো না বার্সেলোনা
গ্যারেথ বেলের জন্য ট্রান্সফারের বিশ্ব রেকর্ডই গড়ে ফেলেছে রিয়ার মাদ্রিদ। কিন্তু প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সভাপতি সান্দ্রো রসেল জানালেন, ওয়েলস স্ট্রাইকারের জন্য এত অর্থ ঢালতে কখনোই ক্লাব কর্তৃপক্ষকে অনুমতি দিতেন না তিনি।
গ্রীষ্মের দলবদলের শেষ দিকে ১০ কোটি ইউরোর বিনিময়ে বেলকে কিনে বেশ সমালোচনায় পড়ে রিয়াল মাদ্রিদ। এর আগে এ নিয়ে সমালোচনা করেছিলেন বার্সেলোনার কোচ জেরার্দো মার্তিনো। এবার তাতে সুর মেলালেন ক্লাব সভাপতিও।
টিভিথ্রিকে রসেল বলেন, "আমি কখনই (বেলের জন্য) ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে দিতাম না। বার্সেলোনা এটা করার অনুমতি পেত না।"
তবে ফ্রি ট্রান্সফারে এসি মিলানের কাছে কাকাকে ছেড়ে দেয়ায় রিয়াল মাদ্রিদের প্রশংসাও করলেন রসেল।
"কাকাকে মিলানের কাছে বিনামূল্যে দিয়ে দেয়াটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। কারণ বিপুল পরিমাণ বেতন দেয়া থেকে তারা রেহাই পেয়েছে। ভিয়াকে ছেড়ে দেওয়াটা আমাদের জন্যও ভালো হয়েছে।"
