২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলের ফাইনালে ভারত

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সোমবার রাতে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সেমি-ফাইনালে ১-০ গোলে তারা হারিয়েছে মালদ্বীপকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাঠমান্ডু থেকে মাহমুদুল হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠলো ভারত। বুধবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক নেপালকে হারিয়ে ফাইনালে ওঠা আফগানিস্তান।

ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার অর্নব কুমার মন্ডল। ডি বক্সের সামনে থেকে আচমকা শটে গোল করে ম্যাচের শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে ভারতকে উৎসবে মাতিয়ে তোলেন তিনি।

পরে ম্যাচে রেফারির ‘বিতর্কিত’ ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মালদ্বীপের খেলোয়াড়-কর্মকর্তারা।

ম্যাচের ৭৩ মিনিটে মিনিটে বক্সের ভেতরে ভারতীয় গোল রক্ষক সুব্রত পাল মালদ্বীপ স্ট্রাইকার আলী আশফাককে ফাউল করলেও জর্ডানের রেফারি ইদহাম মোহাম্মদ পেনাল্টি দেননি। উল্টো আলী আশফাককে হলুদ কার্ড দেখান রেফারি। যা নিয়ে বির্তকের সূচনা হয়।

ম্যাচ শেষ হওয়ার পর এই বিতর্ক আরও বেড়ে যায় মালদ্বীপ খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরলে। তখন তাদের দুই খেলোয়াড়কে লালকার্ড দেখান রেফারি।

তাই ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্য খেলোয়াড়দের মধ্যেও। মালদ্বীপ খেলোয়াড়রা একযোগে রেফারিকে ধাওয়া করেন। পরে নেপাল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

বলা যায় ভাগ্যের জোরেই ফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্ব থেকে অনেকটা খুড়িয়ে খুড়িয়েই সেমি-ফাইনালে উঠেছিল ছয়বারের চ্যাম্পিয়নরা। ভাগ্যকে সঙ্গী করে পাকিস্তানের সঙ্গে সমান চার পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শেষ চারে আসে ভারত।

আর গ্রুপ পর্বে অসাধারণ খেলা মালদ্বীপ সেমিতে হেরে গেলো। এভাবে পরাজয় মেনে নিতে পারেননি মালদ্বীপের হাঙ্গেরীয় কোচ ইস্তভান উরবানি।

“রেফারি আমাদের হারিয়েছে। রেফারি আসলে মাঠে কৌতুক করতে নেমেছে। সে আমাদের দুইটা পেনাল্টি দেয়নি। যে খেলোয়াড় (আশফাক) দশ গোল করেছে সে কখনও মাঠে পেনাল্টির জন্য অভিনয় করতে পারে না।”