লড়াইয়ে ইংল্যান্ড ও ইউক্রেন সমর্থকরা
বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের লড়াইয়ে নামতে যাচ্ছে ইংল্যান্ড ও ইউক্রেন। তবে তার আগেই মারামারিতে জড়িয়ে পড়লো দু’দলের সমর্থকরা। এতে আহত হয়ে ইংল্যান্ডের তিন সমর্থককে হাসপাতালেও যেতে হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। এ শহরেরই অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার হবে ম্যাচটি।
রোববার রাতে একটি রেস্তোরাঁর ছাদে কথা কাটাকাটির জের ধরে ইংল্যান্ড থেকে আসা ৪০ সমর্থকের সঙ্গে ইউক্রেনের ২০ জনের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানায়, মাথায় ও হাতে আঘাত পাওয়া তিনজন ব্রিটিশ নাগরিককে হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
সাত ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। এক ম্যাচ বেশি খেলে সমান ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মন্টেনিগ্রো; গোল ব্যবধানে পিছিয়ে তারা। আর ইংল্যান্ডের সমান ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পাওয়া ইউক্রেনের অবস্থান তৃতীয়।
