সাফ ফুটবল আয়োজনে আগ্রহী ভারত
২০১৫ সালে একাদশ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে ভারত।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ নামে পরিচিত এই টুর্নামেন্ট তারা দিল্লিতে আয়োজন করতে প্রস্তুত।
আগামী মঙ্গলবার কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
সাফ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য জানিয়েছেন, দিল্লির ২০১৫ সাফ ফুটবলের আয়োজক হওয়া শুধুই সময়ের ব্যাপার।
ঢাকা থেকে তিনি ফোনে বলেন, “আগামী সাফ ফুটবল দিল্লিতেই হবে। কারণ স্পন্সররা টুর্নামেন্টটি ভারতে আয়োজন করতে আগ্রহী। আমরাও দিল্লিকে পরবর্তী সাফ ফুটবল দেয়ার কথা ভেবে রেখেছি।”
ভারতের পর ২০১৭ সালের দ্বাদশ সাফ ফুটবল আয়োজনে মালদ্বীপ আগ্রহী। সালাউদ্দিন জানিয়েছেন, মঙ্গলবারের সভায় এ ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে।
