ইউএস ওপেন থাকলো সেরেনারই
প্রতিশোধ নেয়া হলো না ভিক্টোরিয়া আজারেঙ্কার। ইউএস ওপেনের গত আসরের মতো এ আসরের ফাইনালেও সেরেনা উইলিয়ামসের কাছে হেরে গেছেন তিনি।
১৭তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে পঞ্চমবার ইউএস ওপেন জিতলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা। প্রথমবারের মতো অক্ষুন্ন রাখলেন ইউএস ওপেনের শিরোপা।
রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোরে) নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে ৩১ বছর বয়সী সেরেনা ৭-৫, ৬-৭, ৬-১ গেমে হারিয়েছেন দ্বিতীয় বাছাই বেলারুশের আজারেঙ্কাকে।
টেনিসের পেশাদারিত্বের যুগে এত বেশি বয়সে ইউএস ওপেন জেতেনি কোনো নারী খেলোয়াড়।
ইউএস ওপেনের ফাইনালে আজারেঙ্কাকে হারিয়ে সেরেনার উচ্ছ্বাস
২৪ বছর বয়সী আজারেঙ্কা এ বছর দুইবার (হার্ডকোর্টের দোহা ও সিনসিনাটির ফাইনালে )সেরেনাকে হারিয়েছিলে। কিন্তু গ্র্যান্ড স্লামের ফাইনালে এসে ধারাটা বজায় রাখতে পারলেন না তিনি।
প্রথম সেটে লড়াই করে হেরে, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন আজারেঙ্কা। কিন্তু তৃতীয় ও চূড়ান্ত সেটে সেরেনার শক্তির কাছে আত্মসমর্পণ করতে হলো তাকে। পৌনে তিন ঘণ্টা লড়াই শেষে উচ্ছ্বাসে ফেটে পড়লেন তাই সেরেনা।
ইউএস ওপেনের ট্রফিটা অধরাই রয়ে গেল আজারেঙ্কার।
"এটা কষ্টকর একটা হার। তবে সেরা খেলোয়াড়েরই (সেরেনা) জয়টা প্রাপ্য ছিল। তার সঙ্গে ফাইনালে খেলতে পারাটাই অসাধারণ।"
