২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক ২০২০ টোকিওতে

২০২০ সালের অলিম্পিক ও প্যারাঅলিম্পিক গেমস আয়োজন করার দৌড়ে ইস্তান্বুল ও মাদ্রিদকে হারিয়ে দিল জাপানের রাজধানী টোকিও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 08:34 AM

Updated : 13 Oct 2022, 02:57 PM

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের আয়োজক বেছে নিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে শনিবার ভোটাভুটিতে যেতে হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে, যার চূড়ান্ত রাউন্ডে তুরস্কের ইস্তান্বুলকে ৬০-৩৬ ভোটে হারায় টোকিও।

এর আগে প্রথম রাউন্ডের ভোটাভুটিতে বাদ পড়ে মাদ্রিদ।

Image
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ ঘোষণা করেন টোকিওর নাম।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ ঘোষণা করেন টোকিওর নাম।

চূড়ান্ত ভোটের ফল ঘোষণার পর বুয়েনস আইরেসে জাপানি প্রতিনিধি দলের সঙ্গে টোকিওতে রাতজাগা বাসিন্দাদের অনেকে উল্লাসে ফেটে পড়ে।

এশিয়ার প্রথম কোনো শহর হিসেবে দুইবার অলিম্পিক গেমস আয়োজনের সুযোগ পেল টোকিও। ১৯৬৪ সালের প্রথমবারের মতো ক্রীড়া মহোৎসব আয়োজনের মর্যাদা পেয়েছিল শহরটি।

ভোটাভুটির পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ ঘোষণা করেন টোকিওর নাম। মঙ্গলবারই তার ১২ বছরের এই দায়িত্ব পালনকাল শেষ হচ্ছে।

বুয়েনস আইরেসে জাপানি দলের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী শিনজো আবে। টোকিও বিজয়ী হওয়ার পর আবেগাপ্লুত আবে বলেন, "অমি অলিম্পিক আন্দোলনের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা চমৎকার একটি অলিম্পিক গেমস আয়োজন করবো।"

Image
টোকিও নির্বাচিত হওয়ার পর জাপানের প্রতিনিধি দলের সদস্যদের উল্লাস

টোকিও নির্বাচিত হওয়ার পর জাপানের প্রতিনিধি দলের সদস্যদের উল্লাস

অলিম্পিক আয়োজনের লড়াইয়ে আইওসিতে জাপানি দলের নেতা সুনেকাজু তাকেদা বলেন, "এটা টোকিওর জন্য বিরাট সম্মান। দেশে ফিরে আমি প্রথমেই পুরো জাপানকে ধন্যবাদ জানাবো।"

জাপানের আবেদনে কাঁটা হয়ে ছিল টোকিও থেকে ২৪০ কিলোমিটার দূরে ২০১১ সালে দুর্ঘটনায় পড়া ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্ট। তবে প্রধানমন্ত্রী অভয় দিয়ে বলেন, এতে কখনই টোকিওর কোনো ক্ষতি হয়নি, হবেও না।

জাপানের আবেদনে বলা হয়, অলিম্পিক আয়োজনে অলিম্পিক স্টেডিয়ামসহ ১০টি নতুন ভেন্যু তৈরি করা হবে।

ইস্তান্বুলের সমর্থনে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান রাশিয়ার জি২০ সম্মেলন থেকে সরাসরি বুয়েনস আইরেসে উড়ে গিয়েছিলেন। কিন্তু শেষে হতাশ হতে হয়েছে ইউরোপ ও এশিয়া জুড়ে থাকা প্রাচীন এই শহরটিকে।

Image
টোকিও নির্বাচিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে পুরো জাপান

টোকিও নির্বাচিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে পুরো জাপান

ইস্তান্বুলের আবেদনে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অ্যাথলেটদের বেশ কয়েকটি ডোপিং কেলেংকারি, রাজনৈতিক অস্থিরতা আর প্রতিবেশী সিরিয়ায় সংঘর্ষ।

ইস্তান্বুল নির্বাচিত হলে প্রথমবারে মতো কোনো মুসলমান দেশ অলিম্পিক আয়োজনের সুযোগ পেত।

টানা তিন বার অলিম্পিক আয়োজনের লড়াইয়ে ব্যর্থ হয়ে স্পেনের রাজধানী মাদ্রিদজুড়েও নেমে আসে হতাশা।

২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরো।