২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ওঠার লড়াইয়ে নেপাল-আফগানিস্তান

রোববার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে স্বাগতিক নেপালের প্রতিপক্ষ গতবারের রানার্স-আপ আফগানিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমুদুল হাসান, কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 07:50 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায়।

নেপাল ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন আর আফগানিস্তান ‘বি’ গ্রুপ রানার্স-আপ হিসেবে শেষ চার নিশ্চিত করেছে।

সাফ ফুটবলে নেপাল কখনো ফাইনালে খেলতে পারেনি। এর আগে সেমি-ফাইনালেই মাত্র একবার উঠেছিল তারা, ২০১১ সালে।
এবার ঘরের মাঠে খেলা বলে নেপাল দারুণ অনুপ্রাণিত। তাদের মার্কিন কোচ জ্যাক স্টেফানোস্কি ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর।

শনিবার কাঠমান্ডুর লগনখেল মাঠে দলের অনুশীলন শেষে তিনি বলেন, “গ্রুপ পর্বে আমাদের দল অসাধারণ ফুটবল খেলেছে। আশা করি ছেলেরা সেমি-ফাইনালে ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখবে। আমাদের লক্ষ্য ফাইনালে খেলা। তাই সেমি-ফাইনালে যেভাবে হোক জিততেই হবে।” “খেলোয়াড়রা ভীষণ উজ্জীবিত। আমাদের দলে কোনো চোট বা কার্ডজনিত সমস্যা নেই। তাই আমার বিশ্বাস ছেলেরা হতাশ করবে না। এটা আমাদের বাঁচা-মরার লড়াই। এমন ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবার অবকাশ নেই।” আফগানিস্তানকে অবশ্য শক্ত প্রতিপক্ষ হিসেবে নির্দ্বিধায় রায় দিচ্ছেন স্টেফানোস্কি। তিনি বলেন, “আফগানিস্তান খুবই শক্তিশালী দল। তাদের দলে বেশ কয়েক জন ভালো মানের খেলোয়াড় আছে। তারা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।” আফগানিস্তানের কোচ মোহাম্মদ ই্উসেফ কারগার শেষ চারে নেপালকে পেয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, “একে তো নেপাল নিজেদের মাটিতে খেলছে, তার ওপরে এই টুর্নামেন্টে তাদের অসাধারণ পারফরম্যান্স। সব মিলিয়ে তারা দারুণ উজ্জীবিত। এমন দলের বিপক্ষে সেমি-ফাইনালে জয় পাওয়া খুবই কষ্টসাধ্য হবে।” “তবে প্রতিপক্ষ যতো শক্তিশালীই হোক না কেন, ফাইনালে খেলতে হলে তাদের হারাতেই হবে আমাদের। যদিও কাজটা সহজ হবে না।”