২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের হয়ে শিরোপা জিততে চান তামিম

ভিক্টোরিয়াকে গত বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা এনে দিয়েছিলেন তামিম ইকবাল। সেবার রেলিগেশন ম্যাচ খেলা ব্রাদার্স  ইউনিয়নকে এ মৌসুমের শিরোপা জেতাতে চান জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

শনিবার ব্রাদার্স ইউনিয়স ক্লাবে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, “এবার গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স অথবা ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতে চেয়েছিলাম। আমার ইচ্ছে ছিলো গাজী ট্যাঙ্কের হয়ে খেলার। তবে দলবদলের নতুন পদ্ধতিতে ব্রাদার্সে এসেছি বলে আমার কোনো আক্ষেপ নেই।”

লটারি ভাগ্যে তামিমকে পাওয়া ব্রাদার্স মঙ্গলবার রাজশাহীতে লিগের উদ্বোধনী দিনে খেলবে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।

ব্রাদার্স ইউনিয়নে তামিম সতীর্থ হিসেবে পাবেন তার ভাই নাফিস ইকবালকেও। আছেন সোহওয়ার্দী শুভ ও অলক কাপালীও।

দলের স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তামিম বলেন, “স্থানীয় ক্রিকেটারদের হিসেবে ব্রাদার্স খুব ভালো দল পেয়েছে। তারা নিজেদের সেরাটা দিলে অবশ্যই ভালো ফল পাওয়া সম্ভব হবে।”

তবে দলে বেশ কয়েকজন বিদেশি তারকা খেলোয়াড় আসছেন বলে জানালেন তামিম।

“যুবরাজ সিং বেশ আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু ভারতীয় বোর্ডের কারণে তা সম্ভব হয়নি। আমি ব্যাক্তিগতভাবেও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছি। খেলা থাকায় তাদের অনেকে আসতে পারছেন না। তবে শিগগির আজহার মেহমুদ ও শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস দলের সাথে যোগ দেবেন।”

দলের লক্ষ্য সম্পর্ক তামিম বলেন, “আমারা ধারবাহিকভাবে ভালো করতে চাই। চ্যাম্পিয়ন হবার লক্ষ্য তো অবশ্যই আছে। তবে ক্লাবের দিক থেকে কোনো চাপ নেই।”