অ্যান্ডি মারের স্বপ্নভঙ্গ
অ্যান্ডি মারের ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার আশা শেষ। তাকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন সু্ইজারল্যান্ডের নবম বাছাই স্ট্যানিস্লাস ভাভরিঙ্কা।
বৃটেনের তৃতীয় বাছাই মারে বিদায় নিলেও শীর্ষ বাছাই ও টুর্নামেন্টের ২০১১ সালের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ অঘটনের শিকার হননি। বৃহস্পতিবার রাতে অন্য কোয়ার্টার ফাইনালে একটি সেট হেরে গেলেও শেষ পর্যন্ত তিনি ৬-৩, ৬-২, ৩-৬, ৬-০ গেমে রাশিয়ার ২১তম বাছাই মিখাইল ইয়ুঝনিকে হারিয়েছেন।
সেমিফাইনালে সার্ব-তারকা জোকোভিচের প্রতিপক্ষ মারেকে ‘বধ’ করা ভাভরিঙ্কা।
৭৭ বছর পর প্রথম বৃটিশ হিসেবে উইম্বলডন জয়ের সুখস্মৃতি এখনো টাটকা। তবে ইউএস ওপেনে ব্যর্থতার কারণ হিসেবে গত জুলাইয়ে উইম্বলডন-সাফল্যকেই সবার আগে উল্লেখ করলেন মারে।
খেলা শেষে তিনি বলেন, “কোনো কিছু অর্জনের জন্য দীর্ঘ দিন কঠোর পরিশ্রম করে তা পেয়ে যাওয়ার পর নিজেকে আবার উজ্জীবিত করা এবং প্রশিক্ষণে ১১০ শতাংশ ঢেলে দেয়া বেশ কঠিন। আমি অবশ্য মনে করি উইম্বলডনের পর এটা স্বাভাবিক ঘটনাই।”
অন্যদিকে স্বদেশের কিংবদন্তি রজার ফেদেরারের ‘ছায়া’ থেকে বেরিয়ে প্রথম বারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠতে পেরে ভাভরিঙ্কা বিস্ময়াভিভূত।
তিনি বলেন, “এই অনুভূতিটা অবিশ্বাস্য, বিশেষ করে এখানে। তিনি (মারে) বর্তমান চ্যাম্পিয়ন এবং শক্ত প্রতিপক্ষ। তাকে তিন সেটেই হারিয়ে দেয়া এক কথায় অবিশ্বাস্য।”
তবে শুধু মারে একা নন, ইউএস ওপেনে যুক্তরাষ্ট্রের যমজ ভাই বব ও মাইক ব্রায়ানও অঘটনের শিকার। তাদের ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দ্বৈতের ফাইনালে উঠেছেন ভারতের লিয়েন্ডার পেজ ও চেক প্রজাতন্ত্রের রাদেক স্তেপানেক।
এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের শিরোপা জিতে নেয়া ব্রায়ান ভাইদের সামনে ছিল এক পঞ্জিকা-বর্ষে সবগুলো গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি। কিন্তু সেমিফাইনালে হেরে যাওয়ায় স্বপ্নভঙ্গ হলো শীর্ষ বাছাই ব্রায়ানদেরও।
সর্বশেষ পুরুষ দ্বৈতে এক বছরে চারটি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন অস্ট্রেলিয়ার কেন ম্যাকগ্রেগর ও ফ্র্যাঙ্ক সেজম্যান, ১৯৫১ সালে।
