সাফ থেকে বাংলাদেশের বিদায়
পাকিস্তানের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিল বাংলাদেশ।
বৃহস্পতিবার কাঠমান্ডুর হালচুক স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েও অবশ্য লাভ হয়নি পাকিস্তানের। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় তাদের টপকে নেপালের সঙ্গে শেষ চারে উঠে গেছে ভারত।
ম্যাচের ২৯ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির গোলে। ডিফেন্ডার রায়হান হাসানের চমৎকার থ্রোতে ব্যাক হেডে গোল করে বাংলাদেশকে উৎসবে মাতিয়ে তোলেন দেশের অন্যতম সেরা এই স্ট্রাইকার।
৩৫ মিনিটে পাকিস্তান সমতায় ফেরে মিডফিল্ডার আদনান ফারুকের কর্নারে ডিফেন্ডার সামার ইসহাক শুয়ে পড়ে হেডে গোল করে বাংলাদেশকে হতাশায় ডোবান।
অবশ্য বাংলাদেশ প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো। ফরোয়ার্ড জাহিদ হোসেনের ক্রসে ফাঁকা পোস্টে বল পেয়েও জালে জড়াতে পারেননি এমিলি। তার শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে।
দ্বিতীয় মিনিটেও গোল করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। এবারও এমিলি ফাকা পোস্ট পেয়ে শট না কারে ব্যাক পাস করেন।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে এমিলির ক্রসে বদলি স্ট্রাইকার তকলিস আহমেদের শট ক্রসবার ঘেষে বাইরে চলে যায়। ৭০ মিনিটেও ফরোয়ার্ড মোবারক হোসেনর ফ্রি কিকে বদলি স্ট্রাইকার ওয়াহেদের হেড অল্পের জন্য জালে জড়ায়নি।
উপরন্তু ম্যাচের ইনজুরি সময়ে পাল্টা আক্রমণ থেকে একটি গোল খেয়ে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ। শেষ মিনিটে গোলটি করেন গোল করে পাকিস্তানকে জয়ের উৎসবে মাতিয়ে তোলেন মিডফিল্ডার কলিমুউল্লাহ।
তবে তা আর স্থায়ী হয়নি একই সঙ্গে চলা অন্য ম্যাচে শেষ মুহূর্তে ভারত নেপালকে এক গোল শোধ করে ফেলায়।
নেপালের সঙ্গে ২-১ গোলে হেরে গেলেও শেষ মুহূর্তের এই গোলে পাকিস্তানের সঙ্গে গোল ব্যবধান সমান করে ফেলে ভারত। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠে তারা।
টুর্নামেন্টের নিয়মানুযায়ী দুই দলের পয়েন্ট সমান হলে প্রথমত দেখা হবে তাদের মধ্যে গোল ব্যবধানে কারা এগিয়ে। তা সমান হলে দেখা হবে কে বেশি গোল করেছে। তাতেও মীমাংসা না হলে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল।
৪ পয়েন্ট নিয়ে সম অবস্থানেই ছিল প্রতিবেশী দল দুটি। দুই দলের গোল ব্যবধানও সমান (০), দুই দলেরই স্বপক্ষে গোল ৩টি। শেষে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে থাকায় সেমি-ফাইনালের টিকিট পেয়েছে তারাই।
গ্রপ পর্বে ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল পাকিস্তান।
ভারতকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে উঠেছে নেপাল। আর কোনো জয় না পেয়ে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ অবস্থানে থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে।
