ছবি দিয়ে প্রমাণ করলেন রুনি
আর কতো সমালোচনা সইবেন ম্যানচেস্টার তারকা ওয়েইন রুনি। চোটের কারণে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দু'টি ম্যাচে ইংল্যান্ড দলে তিনি খেলছেন না দেখে সমালোচকরা বলছেন দেশের প্রতি না-কি ভালোবাসা নেই তার। সমালোচনার জবাবে ফেইসবুকে নিজের ছবি প্রকাশ করে মোক্ষম প্রমাণ দিলেন এই ফরোয়ার্ড।
ফেইসবুকে রুনির দেয়া ছবিতে দেখা গেছে কপালের মাঝ বরাবর গভীর ভাবে কেটে গেছে তার।
সমালোচকদের উদ্দেশে রুনি ফেইসবুকে দেয়া এ ছবির মন্তব্যে লিখেছেন, "কিছু মানুষ ইংল্যান্ড দলের প্রতি আমার কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। ...আমি নিশ্চিত এসব ছবি থেকে তারা বুঝতে পারবে আমি কেন খেলতে পারছি না।"
ইংল্যান্ড সতীর্থ থিও ওয়ালকট এই ছবিগুলোকে তুলনা করেছেন 'হরর ফিল্ম থেকে উঠে আসা কিছুর' সঙ্গে।
২৭ বছর বয়সী রুনি জানান, ছেলেদের সঙ্গে বাছাই পর্বে খেলার চেয়ে বেশি কিছু তিনি চাইতেন না।
রয় হডসনের দল শুক্রবার ওয়েম্বলিতে মুখোমুখি হবে মলদোভার। এরপর মঙ্গলবার পরের ম্যাচ খেলতে যাবে ইউক্রেনে।
ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ফিল জোনসের বুটের আঘাতে মাথায় এই আঘাত পান রুনি।
দলের কোচ ডেভিড ময়েস জানান, এই দুর্ঘটনার পর তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন তিনি।
