খেলোয়াড় কেনায় খরচে শীর্ষে রিয়াল
ইউরোপীয় ফুটবলে এই গ্রীষ্মের দলবদলে খেলোয়াড় কেনায় সবচেয়ে বেশি অর্থ ঢেলেছে স্পেনের রিয়াল মাদ্রিদ।
তারকা ফুটবলারদের দলে টানতে রিয়াল মোট খরচ করেছে ১৮ কোটি ১৫ লাখ ইউরো।
সোমবার মধ্যরাতে দলবদলের সুযোগ শেষ হওয়ার আগের দিনই রিয়াল করে ফেলে খেলোয়াড় কিনতে সবচেয়ে বেশি খরচের চুক্তিটা। দলবদলের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি ১০ কোটি ইউরোতে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার থেকে গ্যারেথ বেলকে নিয়ে আসে তারা। ছয় বছরের চুক্তিতে ২০১৯ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলবেন ওয়েলসের এই ফরোয়ার্ড।
এত খরচ করলে কি হবে, মেসুত ওজিল ও গঞ্জালো হিগুয়াইনের মতো তারকা ফুটবলারদের বেচে আয়ও হয়েছে ঢের। পাঁচ কোটি ইউরোতে লন্ডনের ক্লাব আর্সেনালের কাছে রিয়াল বিক্রি করেছে জার্মানির মেসুত ওজিলকে। তাইতো সর্বোচ্চ দামে বেলকে কিনেও দলবদলে ৬ কোটি ৭০ লাখ ইউরো লাভ করেছে তারা।
টটেনহ্যাম হটস্পারও কিন্তু অর্থ নিয়ে বসে থাকেনি। ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ ১২ কোটি ১৯ লাখ ইউরো খরচ করেছে। বেলকে বিক্রি করার আগেই তারা কিনে নিয়েছিল রবের্তো সলদাদো, ক্রিস্টিয়ান এরিকসেন, পাওলিনিয়ো আর এরিক লামেলার মতো তারকা ফুটবলারদের।
বেলকে রেকর্ড পরিমাণ দামে বিক্রি করেও তাই কেনা-বেচার হিসাবে লাভ করতে পারেনি তারা।
১০ কোটি ইউরোর বেশি খরচ করা অন্য দুটি ক্লাব হচ্ছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি।
খরচ করার দিক ষষ্ঠ থেকে অষ্টম অবস্থানে আছে নাপোলি, চেলসি ও বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনকে কিনেছে নাপোলি। আর দলবদলের শুরুতে সান্তোস থেকে নেইমারকে কিনতে পাঁচ কোটি ৭০ লাখ ইউরো ব্যয় করেছিল বার্সেলোনা।
দলবদলে খরচ করার দিক থেকে শীর্ষ দশের শেষ দুটো ক্লাব ডায়নামো মস্কো ও শাখতার দোনেৎস্ক।
একক দল হিসেবে স্পেনের রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি খরচ করলেও লিগের হিসেবে সবচেয়ে বেশি খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দলগুলো।
খেলোয়াড় কিনতে ইপিএলের ক্লাবগুলো এবার খরচ করেছে প্রায় ৭৪ কোটি ৩০ লাখ ইউরো (প্রায় ৬৩ কোটি পাউন্ড), যা মোট আগের সর্বোচ্চ ব্যয়কে ছাড়িয়ে গেছে। ইপিএলের ক্লাবগুলো এর আগে সবচেয়ে বেশি খরচ করেছিল ২০০৮ সালে, ৫০ কোটি পাউন্ড।
ইউরোপের অন্যান্য লিগগুলো খরচের দিক থেকে ইপিএলের চেয়ে অনেক পিছিয়ে। খেলোয়াড় কিনতে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ কোটি ৯৭ লাখ ইউরো খরচ করেছে ইতালিয়ান সেরি আর দলগুলো। আর স্প্যানিশ লা লিগা ও জার্মান বুন্দেসলিগার দলগুলো ব্যয় করেছে যথাক্রমে ৩৯ কোটি ও ২৬ কোটি ৩৩ লাখ ইউরো।
খেলোয়াড় কিনতে খরচ করার ক্ষেত্রে স্পেনের লা লিগা পিছিয়ে থাকলেও লাভের দিক দিয়ে কিন্তু ওরাই এগিয়ে। স্পেনের দলগুলো খেলোয়াড় কিনতে যেখানে খরচ করেছে ৩৯ কোটি সেখানে খেলোয়াড় বিক্রি করে আয় করেছে ৪৯ কোটি ২৬ লাখ ইউরো। সুতরাং তাদের লাভের পরিমাণ ১০ কোটি ২৬ লাখ ইউরো।
