২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেন থেকে ফেদেরারের বিদায়

ইউএস ওপেনে আর দেখা হচ্ছে না নাদাল-ফেদেরার দ্বৈরথ। চতুর্থ রাউন্ড জিতে রাফায়েল নাদাল কোয়ার্টার-ফাইনালে উঠলেও, হেরে গেছেন শেষ আটে তার প্রতীক্ষিত প্রতিপক্ষ ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 12:10 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

কোয়ার্টার-ফাইনালে নাদাল খেলবেন সপ্তম বাছাই ফেদেরারকে হারিয়ে চমক দেখানো স্পেনের টমি রোব্রেদোর।

টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে রোব্রেদোর ৭-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন ফেদেরারকে। গত এক দশকের মধ্যে এই প্রথম কোয়ার্টার-ফাইনালের আগেই বিদায় নিলেন এই সুইস তারকা।

ম্যাচ শেষে হতাশ ফেদেরার সাংবাদিকদের বলেন, "আমি টমির কৃতিত্ব খাটো করছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজেই নিজেকে হারিয়েছি। এটা খুবই হতাশাজনক।"

ইউএস ওপেনের মতো বড় আসরে ফেদেরারকে হারানোটা রোব্রেদোর কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছে।

"এটা অসাধারণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ খোলোয়াড়কে হারিয়েছি আমি। তাও আবার ইউএস ওপেনের মতো গ্র্যান্ড স্লামে। এটা একটা স্বপ্নের মতো।"

Image
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। ছবি: রয়টার্স

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। ছবি: রয়টার্স

কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে জার্মানির ফিলিপ কোলশ্রাইবারেকে নাদাল হারিয়েছেন ৬-৭, ৬-৪, ৬-৩, ৬-১ গেমে। প্রথম সেটটিই কেবল জিতেছিলেন কোলশ্রাইবার। এরপর আর পাত্তা পাননি স্প্যানিয়ার্ডের কাছে।

কোয়ার্টার-ফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই স্পেনের ডাভিদ ফেরার। সেখানে তার প্রতিপক্ষ অস্টম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকে। চতুর্থ রাউন্ডে দশম বাছাই কানাডার মিলোস রাওনিচকে হারিয়েছেন তিনি।

মেয়েদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইতালির ফ্লাভিয়া পেননেত্তা। তিনি খেলবেন স্বদেশী দশম বাছাই রবের্তা ভিঞ্চির সঙ্গে।

Image
এক দশকেরও বেশি সময় পর ইউএস ওপেনের শেষ আটে উঠলেন ৩০ বছর বয়সী দানিয়েলা হানতুকোভা। ছবি: রয়টার্স

এক দশকেরও বেশি সময় পর ইউএস ওপেনের শেষ আটে উঠলেন ৩০ বছর বয়সী দানিয়েলা হানতুকোভা। ছবি: রয়টার্স

এছাড়া এক দশকেরও বেশি সময় পর ইউএস ওপেনের শেষ আটে উঠেছেন ৩০ বছর বয়সী দানিয়েলা হানতুকোভা।

চতুর্থ রাউন্ডে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা আর সাবেক এক নম্বর সার্বিয়ার আনা ইভানোভিচের মধ্যকার ম্যাচটি খারাপ আবহাওয়ার জন্য হয়নি। এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে খেলবেন হানতুকোভার সঙ্গে।