ভুটানকে হারিয়ে আফগানদের শুভ সূচনা
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় দিয়ে শুরু করেছে আফগানিস্তান। সোমবার কাঠমান্ডুর হালচুক স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে।
ম্যাচের ৩৭ মিনিটে আফগানিস্তান এগিয়ে যায় স্ট্রাইকার হারুণ ফখরুদ্দিনের গোলে। মিডফিল্ডার মোস্তফা হাদিয়ার বাড়ানো বলে হারুণ চমৎকার শটে লক্ষ্যভেদ কারেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মোস্তফা। অনেকটা একক প্রচেষ্টায় বক্সে ঢুকে আড়াআড়ি শটে বল জালে জড়ান তিনি।
শেষ বাঁশি বাজার তিন মিনিটে আগে তৃতীয় গোলটির দেখা পায় টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ আফগানিস্তান। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে জোরালো শটে ভুটান গোলরক্ষককে পরাস্ত করেন হাশমতউল্লাহ মোহাম্মদ জানের।
