ইসকোর নৈপুণ্যে রিয়ালের সহজ জয়
কয়েক দিন আগেও তেমন পরিচিতি ছিল না তার। তবে মালাগা থেকে রিয়াল মাদ্রিদে এসে ক্রমেই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর মিডফিল্ডার ইসকো। রোববার তার জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় আথলেতিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।
জিতেছে আতলেতিকো মাদ্রিদও। ডাভিদ ভিয়া ও কোকের লক্ষ্যভেদ রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-১ গোলের জয় এনে দিয়েছে গতবার তৃতীয় হওয়া আতলেতিকোকে। লা লিগার আরেক ম্যাচে স্বাগতিক এসপানিয়ল গোলশূন্য ড্র করেছে রিয়াল বেতিসের সঙ্গে।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে ২৬ মিনিটে দলকে এগিয়ে দেন স্পেনের হয়ে একটি ম্যাচ খেলা ইসকো। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার পাস বক্সের মধ্যে ফাঁকায় পেয়ে যান তিনি। আলতো টোকায় বল জালে জড়াতে কোনো সমস্যা হয়নি।
বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল ডি মারিয়ার ফ্রি-কিকে হেড করে লক্ষ্যভেদ করেন বক্সের ভেতরে থাকা সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার। এবারের লা লিগায় এটাই রোনালদোর প্রথম গোল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় থাকে রেকর্ড ৩২ বারের লিগ চ্যাম্পিয়নদের। ৭২ মিনিটে ব্যবধান ৩-০ও হয়ে যায়।
ডি-বক্সের বাইরে থেকে নেয়া রোনালদোর পাস বেনজেমার পা ঘুরে চলে আসে ইসকোর কাছে। কোনাকুনি শটে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন তিনি।
৮১ মিনিটে অতিথিদের সান্ত্বনাসূচক গোলদাতা ফরোয়ার্ড ইবাই গোমেজ।
লা লিগায় রিয়ালের প্রথম ম্যাচেও জয়সূচক গোল করেছিলেন ইসকো। স্পেনের সফলতম ক্লাবের পক্ষে সেটাই ছিল তার অভিষেক ম্যাচ। ২১ বছর বয়সী এই ফুটবলারের লিগে তিন ম্যাচ থেকে গোলও তিনটি।
