নাদাল, ফেদেরার চতুর্থ রাউন্ডে
বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে সহজ জয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।
চতুর্থ রাউন্ডে জয় পেলে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হবেন টেনিসের বর্তমান সময়ের এই দুই প্রবল প্রতিপক্ষ। আর তা হবে ইউএস ওপেনে এই দুই তারকার প্রথম সাক্ষাত।
শনিবার নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৬-৩, ৬-০ ও ৬-২ গেমে ফরাসি আদ্রিয়ান মানারিনোকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে উঠেন সুইস তারকা ফেদেরার।
এর আগে নাদাল ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারান ক্রোয়েশিয়ার ইভান দদিগকে।
চতুর্থ রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন স্পেনের টমি রোব্রেদোর। আর নাদাল খেলবেন জার্মানির ফিলিপ কোলশ্রাইবারের সঙ্গে।
ফেদেরারের ভাবনায় এখন কিন্তু চতুর্থ রাউন্ড নয়, আছে কোয়ার্টার ফাইনালের লড়াই।
"মানুষ আমাদের এই ম্যাচ নিয়ে টুর্নামেন্ট শুরুর আগ থেকেই কথা বলছে। আমি মনে করি, আমরা দুইজনেই আশা করছি নিউ ইয়র্কে প্রথম বারের মতো এটা (নাদাল ফেদেরার দ্বৈরথ) ঘটবে।"
ইউএস ওপেন শুরুর আগে সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে কিন্তু ফেদেরারকে সরাসরি সেটে হারিয়েছিলেন নাদাল।
ছেলেদের বিভাগে চতুর্থ রাউন্ডে উঠেছেন অস্টম বাছাই ফ্রান্সের রিচার্ড গ্যাসকে, দশম বাছাই কানাডার মিলোস রাওনিচ এবং চতুর্থ বাছাই স্পেনের ডাভিদ ফেরারও।
মেয়েদের বিভাগে তৃতীয় রাউন্ডে ইতালির কামিলা জর্জির কাছে হেরে গেছেন সাবেক এক নম্বর নারী টেনিস খেলোয়াড় ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। ইতালির আরেক খেলোয়াড় ফ্লাভিয়া পেননেত্তা হারিয়েছেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন সভেতলানা কুজনেৎসভাকে।
তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কুভিতোভাও। 'ওয়াইল্ডকার্ড' নিয়ে খেলতে আসা যুক্তরাস্ট্রের অ্যালিশস রিস্কের কাছে হারেন ২০১১ সালের উইম্বল্ডন চ্যম্পিয়ন কুভিতোভা।
চতুর্থ রাউন্ডে উঠেছেন গতবার ফাইনালে উঠা দ্বিতীয় বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। তিনি মুখোমুখি হবেন সাবেক এক নম্বর সার্বিয়ার আনা ইভানোভিচের।
