বাংলাদেশের সপ্তম হওয়ার সান্ত্বনা
মালয়শিয়ায় পঞ্চম হওয়ার লক্ষ্য নিয়ে যাওয়া বাংলাদেশ সপ্তম হওয়ার সান্ত্বনা পেয়েছে। এশিয়া কাপ হকিতে টানা চারটি হারের পর সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ১১-৩ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
শনিবার ইপোহর আজলান শাহ স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে চারটি করে গোল করেন পুস্কর খীসা মিমো ও অধিনায়ক মামুনুর রহমান চয়ন।
রাসেল মাহমুদ জিমির দুই গোল, অন্য গোলটি মঈনুল ইসলামের।
তাইপের তিন গোলদাতা অধিনায়ক হু চুন-চে, লিউ চিং কুন ও চেন ইউয়ান-ফান।
দক্ষিণ কোরিয়া, ওমান ও ভারতের কাছে যথাক্রমে ৯-০, ৪-২ ও ৯-১ গোলে হেরে ‘বি’ গ্রুপে সবচেয়ে নিচে থাকা বাংলাদেশ পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী লড়াইয়ের সেমিফাইনালেও জাপানের কাছে ৩-০ গোলে হেরে যায়।
ওমানকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চম হয়েছে জাপান।
