২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল্লোর সঙ্গে বার্সার নতুন চুক্তি

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সই করেছেন ক্রিস্তিয়ান তেল্লো। এই চুক্তি অনুয়ায়ী ২০১৭-১৮ মৌসুমের শেষ পর্যন্ত ক্যাম্প নিউতেই থাকছেন স্পেনের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

চুক্তির মাঝপথে যদি অন্য কোনো দল ২২ বছর বয়সী তেল্লোকে কিনতে চান তাহলে তাদের গুণতে হবে আড়াই কোটি ইউরো। নতুন চুক্তিতে এটাই তার 'বাইআউট ক্লজ'।

শুক্রবার বার্সার সঙ্গে সম্পর্ক বাড়াতে পেরে দারুণ খুশি তেল্লো। ঐ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সান্দ্রো রোসেল,ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতা।

উচ্ছ্বসিত তেল্লো বলেন, “বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে পেরে আমি খুব খুশি। এই দলটিতে আরো অনেক বছর থাকতে পারাটা একটা স্বপ্ন। আশা করি, সবকিছু এখন যেমন ভালো আছে ঠিক এমনই থাকবে। সেভাবেই যেন খেলা চালিয়ে যেতে পারি। কোচের দেয়া সব সুযোগ কাজে লাগিয়ে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করে যাব।”

গত মৌসুমে বার্সেলোনার হয়ে সর্বমোট ৩৪ ম্যাচ খেলে আট গোল করেন ২০১১ সালে দলটির হয়ে প্রথম পেশাদারী ম্যাচ খেলা তেল্লো।

এর আগে গত মঙ্গলবার আরেক খেলোয়াড় স্যার্হিও বুসকেতসের সঙ্গেও ২০১৭-১৮ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে বার্সেলোনা।