২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুশ্চিন্তার নাম অনিল গুরুং

তিনি নেপালের অন্যতম সেরা স্ট্রাইকার। গতি ও ক্ষিপ্রতা দিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের তটস্থ করে রাখা অনিল গুরুংকে নিয়ে বাংলাদেশ দলও দুশ্চিন্তায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মামুদুল হাসান, কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 09:00 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে অনিল নিজেও নির্ভার নেই। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে পেয়ে তার ‍বুকে প্রতিশোধের আগুন জ্বলছে।

তিনি বলেন, “চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ আমাদের জয় কেড়ে নিয়েছিল। ঐ ম্যাচে আমরা অসাধারণ খেলেও জিততে পারিনি। এবার আর তা হতে দেবো না। আমাদের জিততেই হবে।”

“বাংলাদেশের সঙ্গে ম্যাচটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচের ফলাফলের ওপরে আমরা কত দূর যেতে পারবো তা অনেকখানি নির্ভর করছে। তাই এই ম্যাচটিকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছি।”

তার ওপরে নেপাল দলের কোচ জ্যাক স্টেফানোস্কির দারুণ আস্থা। তিনি বলেন, “অনিল আমাদের দলের প্রধান স্ট্রাইকার। তার পারফরম্যান্সের ওপরে আমাদের জয় অনেকখানি নির্ভর করছে।” চ্যালেঞ্জ কাপে অনিলের খেলা দেখে মুগ্ধ ঢাকা আবাহনীর কর্মকর্তারা তাকে আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার প্রস্তাব দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আবাহনীর কাছ থেকে প্রস্তাব পেলেও এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। এ ব্যাপারে আমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো। অবশ্য ভারতের একটি ক্লাবের হয়ে খেলারও কথা-বার্তা চলছে।” ভারতের পেশাদার ফুটবল লিগ আই-লিগে এক মৌসুম খেলেছিলেন অনিল। ২০০৮-২০০৯ মৌসুমে তার দল ছিল শিলং লাজং ক্লাব।