২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনুলকে নিয়ে ধোঁয়াশা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম খেলবেন? শুক্রবার বাংলাদেশ দলকে ঘিরে দিনভর এই প্রশ্নটি উচ্চারিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমুদুল হাসান, কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 08:32 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

দেশের অন্যতম সেরা মিডফিল্ডার মামুনুলের ডান হাঁটুতে ব্যথা। সম্পূর্ণ সুস্থ হয়ে না ওঠায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ এ বিষয়ে পরিস্কার করে কিছু বলছেন না। এ নিয়ে দলের মধ্যেও অনেক ধোঁয়াশা।

বাংলাদেশ দলের চিকিৎসক আলী ইমরানও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তিনি জানান, “মামুনুল ৮০ ভাগ ফিট। কোচ চাইলে তাকে খেলাতে পারেন। পুরো ম্যাচ না হলেও কিছু সময় খেলার মতো অবস্থায় রয়েছেন মামুনুল।”

মামুনুল নিজে অবশ্য সম্পূর্ণ ফিট না হয়ে খেলতে চাইছেন না। শুক্রবার অনুশীলন শেষে তিনি বলেন, “উদ্বোধনী ম্যাচে আমি সম্ভবত খেলতে পারছি না। তবে আমি না খেললেও বাংলাদেশ জিতবে। দলের সবাই আমাকে জয় উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।” প্রথম ম্যাচে খেলতে না পারার দুঃখে অনুশীলন শেষে সতীর্থদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন মামুনুল। অবশ্য তাদের জয়ের জন্য অনুপ্রাণিতও করেন বাংলাদেশের অধিনায়ক। দলের সব খেলোয়াড়ও প্রতিশ্রুতি দিয়েছেন, তারা মামুনুলের জন্যই ম্যাচটি খেলবেন।