আবার ট্র্যাকে নামছেন বোল্ট
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাস গড়ার পর বিশ্রাম হয়েছে অনেক। আবারো তাই ট্রাকে নামতে প্রস্তুত দ্রুততম মানব উসাইন বোল্ট। বৃহস্পতিবার রাতে জুরিখে ডায়মন্ড লিগের ১০০ মিটার দৌড়ে অংশ নেবেন তিনি।
সম্প্রতি শেষ হওয়া মস্কোর বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা জিতে এই প্রতিযোগিতার ইতিহাসে আটটি সোনা জয়ের রেকর্ড ছুঁয়েছেন বোল্ট।
১০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট মস্কোতে সময় নিয়েছিলেন ৯.৭৭ সেকেন্ড। জুরিখেও ৯.৮০ সেকেন্ডের নিচে দৌড়াতে চান ছয়টি অলিম্পিক সোনা জেতা এই গতিমানব।
"এই ট্র্যাকটা সবসময়ই দ্রুতগতির। আমি এখানে আগেও জোরে দৌড়েছি।"
জুরিখে বোল্টের সঙ্গে দৌড়াবেন তার স্বদেশী নেস্তা কার্টার ও যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। মস্কোতে সম্প্রতি হয়ে যাওয়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যথাক্রমে ব্রোঞ্জ ও রূপা জিতেছিলেন তারা।
